খাদ্যনিরাপত্তার জন্য কার্যকর করতে হবে সার্ক খাদ্যভান্ডার
দক্ষিণ এশিয়ার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে সার্ক খাদ্যভান্ডারকে কার্যকর করতে হবে। জরুরি অবস্থায় যেন কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যায়, সে জন্য এই ভান্ডারের মজুদ বাড়াতে সদস্যভুক্ত দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে গতকাল শনিবার খাদ্যনিরাপত্তার ওপর কর্ম অধিবেশনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার খাদ্যনিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ২০০৭ সালে সার্ক খাদ্যভান্ডার প্রতিষ্ঠা করা হয়।দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা বলেন, এই অঞ্চলের দেশগুলোকে কৃষিক্ষেত্রে সহযোগিতার হাত আরও বাড়াতে হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়ানো এবং এ জন্য নিজেদের মধ্যে তথ্য ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দিতে হবে। খাদ্যনিরাপত্তা বাড়াতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন তাঁরা।অধিবেশনের সভাপতি ও পাকিস্তানের এসডিপিএর নির্বাহী পরিচালক আবিদ সুলেরি বলেন, ‘দুর্যোগের সময় খাদ্যশস্যের আন্তদেশীয় দাম নির্ধারণের বিষয়ে গুরুত্ব দিতে হবে। সদস্যদেশগুলোর কার্যকর ও প্রতিশ্রুত অবদানে সার্ক খাদ্যভান্ডার গড়ে তুলতে হবে।’ইউএন এসকাপের উন্নয়ন নীতি বিভাগের প্রধান আয়নুল হাসান বলেন, যেসব দেশ দ্রুত নিজেদের অর্থনীতির রূপান্তর ঘটাচ্ছে, তাদের জ্ঞানভিত্তিক সবুজ বিপ্লবের জন্য খাদ্যশস্য উৎপাদন ও পল্লি উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের সহজপ্রাপ্যতা বাড়ানো, কৃষির দ্রুত সম্প্রসারণ, সীমিত নিয়ন্ত্রণমূলক বাণিজ্য ও ভোক্তাদের খাদ্য কেনার ক্ষমতা বাড়ানো, দরিদ্র ব্যক্তিদের জন্য কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ কিছু বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।পাকিস্তানের মাহবুবুল হক ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান খাদিজা হক বলেন, ২০০৭ সালে সার্ক খাদ্যভান্ডার প্রতিষ্ঠা করা হলেও পর্যাপ্ত মজুদসহকারে এখনো এটি কার্যকর করা হয়নি। জরুরি অবস্থায় আঞ্চলিক খাদ্যঘাটতি মোকাবিলায় যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য এখানে একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মজুদ রাখতে হবে।আন্তর্জাতিক খাদ্যশস্য গবেষণা প্রতিষ্ঠানের উত্তম কুমার দেব খাদ্যের উৎপাদন বাড়াতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নতুন জাত ও হাইব্রিড বীজ উদ্ভাবনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।নেপালের অর্থনীতি সমিতির চেয়ারম্যান বিশ্বম্ভর পায়াকুরয়াল, ইউএনডিপির এশিয়া অঞ্চলের কর্মকর্তা বিপ্লব চৌধুরী, বাংলাদেশের সাংসদ আকরাম এ চৌধুরী, বুয়েটের প্রাক্তন অধ্যাপক এ কে এম এ কাদের প্রমুখ বক্তব্য দেন।