খাদ্যনিরাপত্তার জন্য কৃষি উৎ পাদন বাড়ানোর তাগিদ
বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাবে খাদ্যনিরাপত্তা হুমকির সম্মুখীন। এই হুমকি মোকাবিলায় এবং নিজেদের সুরক্ষার জন্য কৃষি উৎ পাদন বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।বরগুনায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনে এসে গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সাসটেইনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট ইঙ্গার এন্ডারসন এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর এলেইন গোল্ডস্টেইন, সেক্টর ডিরেক্টর জন স্টেইন, কমিউনিকেশন অ্যাডভাইজার রোজার মরিয়ার, অপারেশন অ্যাডভাইজার তাসিন সাইদ, বরগুনার জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পুলিশ সুপার মাহবুব হাকিম এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আকবর হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইঙ্গার এন্ডারসন বরগুনা জেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শনকালে বাস্তবায়নকারী সংস্থাগুলোর কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সদর উপজেলার পরীরখাল গ্রামে গ্রামীণশক্তির সৌরবিদ্যুৎ ব্যবহারকারী আ. আজিজের বাড়িতেও যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে বরগুনা জেলায় নতুন জীবন কর্মসূচি, সোলার হোম সিস্টেম, বীজ উৎ পাদন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন এবং ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।