খাদ্যনিরাপত্তার জন্য চাই আর্থিক বাজারের নিয়ন্ত্রণ
দুই বছর আগে বিশ্বের খাদ্য পরিস্থিতি যা ছিল, অবস্থা এখন তার চেয়ে খুব একটা ভালো নয়। বরং ২০০৭ ও ২০০৮ সালের প্রথম ভাগে যেভাবে বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছিল, এখনো তার পুনরাবৃত্তি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। সেই সময় খাদ্যের দাম ব্যাপকভাবে বাড়ায় বিশ্বের বিভিন্ন স্থানে দারিদ্র্য প্রকটতর হয়।আসলে বিশ্বের খাদ্যসংকট বেশ নিবিড়ভাবেই পণ্যবাজারের আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। যখন খাদ্যের দাম বাড়তে থাকে, তখন আমরা অবশ্য নানা ধরনের ব্যাখ্যা শুনতে পাই। এগুলোর মধ্যে আছে, চীন ও ভারতে খাদ্যের চাহিদা বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে খাদ্য উৎপাদন ও পরিবহনে ব্যয় বৃদ্ধি, জৈব জ্বালানির জন্য প্রদান করা ভর্তুকি যা খাদ্যের জমিকে সংকুচিত করছে ইত্যাদি। বলতেই হয়, প্রথম ব্যাখ্যাটি সত্য নয়। কারণ, চীন ও ভারতে সম্প্রতি খাদ্যের চাহিদা প্রকৃতপক্ষে কমেছে। আর অন্য ব্যাখ্যাগুলোও খাদ্যের মূল্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত নয়।মূলত আর্থিক নিয়ন্ত্রণহীনতার (ফাইন্যানশিয়াল ডিরেগুলেশন) সুযোগকে কাজে লাগিয়ে পণ্যের বাজারে ব্যাপকভাবে ফটকা কারবার খাদ্য ও জ্বালানি তেলের দামের আকস্মিক উত্থান-পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে। গত বছর আমরা দেখেছি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম হঠাৎ খুব দ্রুত বেড়ে গিয়ে আবার চট করে তা কমেও গেছে। তারপর আবার হঠাৎ করেই বাড়তে শুরু করে। পণ্যবাজারে (কমোডিটি মার্কেট) যারা বিনিয়োগ করছে, তারা এই বাজারকেও আর্থিক বাজারের মতো একটি ফটকামূলক বাজার বিবেচনা করে থাকে। ফলে পণ্যবাজারের আগাম চুক্তিগুলো (ফিউচার কনট্রাক্ট) হয়ে উঠেছে অন্যতম আর্থিক সম্পদ (ফাইন্যানশিয়াল অ্যাসেট)। আর তাই প্রকৃত চাহিদা ও জোগানের অবস্থা যা-ই হোক না কেন, খাদ্যপণ্যের আগাম চুক্তিগুলো নিয়ে কৃত্রিমভাবে দাম বাড়ানো বা কমানো হয়। এর প্রভাবে বিশ্ববাজার খাদ্যের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে।যদি এ ধরনের আর্থিক কর্মকাণ্ড শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থার আওতায় আনা না যায়, তাহলে এ ধরনের কর্মকাণ্ড চলতেই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি যে ডোড-ফ্রাঙ্ক ফাইন্যানশিয়াল রিফর্ম বিল অনুমোদন করা হয়েছে, তা কার্যকর হলে অবশ্য কিছু নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়। এই আইনে সব ধরনের ভবিষ্যৎ চুক্তিকে নিয়ন্ত্রিত করার এবং বিনিয়োগকারীদের ওপর কিছু সীমারেখা টানার বিধান রাখা হয়েছে। তবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্য নির্ভর করছে যথাযথ প্রয়োগের ওপর।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যে আইনি নিয়ন্ত্রণের প্রস্তাব করেছে, তা অত্যন্ত দুর্বল এবং প্রকারান্তরে ফটকাবাজিকেই দীর্ঘায়িত করবে।এর মানে হলো, যেসব উপাদানের জন্য খাদ্যের বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল, সেগুলোর সবই বজায় আছে। যেমন, সম্প্রতি গমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। রাশিয়া গম রপ্তানি বন্ধ করায় বা চাহিদা-জোগানের ঘাটতি সৃষ্টিকারী অন্য কোনো কারণে যতটুকু দাম বাড়া দরকার, তারচেয়ে আরও বেড়েছে।এটা ঠিক যে, খাদ্যসংকটকে যথাযথভাবে মোকাবিলা করার জন্য কৃষি ও খাদ্য বিতরণব্যবস্থায় নানা ধরনের সংশোধন আনা প্রয়োজন। তবে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আর্থিক খাতের কর্মকাণ্ডে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা দরকার। তা না হলে খাদ্যের বাজারে অস্থিতিশীলতা চলতেই থাকবে। খাদ্যনিরাপত্তাকে আর্থিক কর্মকাণ্ড যেভাবে হুমকির মুখে ফেলেছে, সে বিষয়ে আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। [জয়তী ঘোষ ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত ইংরেজি লেখাটির সংক্ষিপ্ত বাংলা রূপান্তর করা হয়েছে।]