খাদ্যনিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়ে রাজধানীতে তিন দিনব্যাপী কৃষিপণ্যের মেলা বসেছে। মেলায় ধান, চাল, মধু, মাশরুম, আলু, মসলা, ফলসহ হরেক রকম কৃষিপণ্যের সমাহার ঘটেছে। খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্ব্বরে এই মেলা আগামীকাল সোমবার পর্যন্ত চলবে।বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইদ আলী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি অ্যাড স্পাইকার্স প্রমুখ।প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত রয়েছে।মেলায় সরকারি-বেসরকারি খাতের ২৭টি স্টল রয়েছে।যেসব প্রতিষ্ঠানের স্টল রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বিএডিসি, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, মাশরুম উন্নয়ন জোরদারকরণ প্রকল্প, মৎস্য অধিদপ্তর, রাজশাহী ম্যাংগো প্রডাক্টস লিমিটেড, এসিআই ফুডস। এসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত কৃষিপণ্য ও সেবা প্রদর্শন করছে মেলায়।গতকাল সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শণার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। সবাই স্টলে স্টলে গিয়ে কৃষিপণ্য সম্পর্কে জানতে চায়। আবার অনেককে ফলফলাদি, মধুসহ বিভিন্ন পণ্য কিনতে দেখা গেছে।জাতীয় সেমিনার: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক এম আসাদুজ্জামান। নির্ধারিত আলোচক ছিলেন বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহরিয়ার আলম।মূল প্রবন্ধে এম আসাদুজ্জামান বলেন, ক্ষুধা দূর করতে হলে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম যাতে অপুষ্টিতে না ভোগে, সে জন্য পুষ্টি কার্যক্রম জোরদার করতে হবে।আসাদুজ্জামান জানান, জন্মের পর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুরা যে পুষ্টি পায়, তা সারা জীবন কাজে লাগে। পুষ্টি কার্যক্রমে রাজনৈতিক নেতাদের আরও মনোযোগী হওয়া উচিত। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন বলেন, বর্তমান সরকার শস্য বহুমুখীকরণ, সারের মূল্য হ্রাস, কৃষকের ব্যাংক হিসাব খোলাসহ কৃষির ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে বাংলাদেশের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানান বিএডিসির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এগুলো হলো: জনসংখ্যার চাপে কৃষিজমি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাঈদ আলী বলেন, স্বাধীনতার পর ৯২ লাখ হেক্টর কৃষিজমি ছিল, এখন তা ৮২ লাখ হেক্টরে নেমে এসেছে। প্রতিবছর ১ দশমিক ১ শতাংশ হারে আবাদি জমি কমছে। এফএওর প্রতিনিধি অ্যাড স্পাইকার্স বলেন, ‘আমরা বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার কৃষি উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করেছি। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শস্য, পশুসম্পদ ও মৎস্য খাতের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে চাই।’সেমিনারে সভাপতিত্ব করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবীর।