খাদ্যনিরাপত্তায় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ
দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। এ জন্য ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে দ্রুত ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল বুধবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলের খসড়ার ওপর প্রথম জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। কৃষি, খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ও পানি ব্যবস্থাপনা—এই দুটি বিষয়ের ওপর আলোচনা হয়। পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ প্রমুখ। সংলাপে আলোচ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। তবে এই জাতীয় সংলাপে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ছিল না। সংলাপের পরে বিভিন্ন উৎস থেকে তাঁদের তথ্য সংগ্রহ করতে হয়। সংলাপে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ পর্যায়ে এই জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। ১৩টি সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর আগামী মার্চ মাস নাগাদ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত দলিল প্রণয়ন করা সম্ভব হবে। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, এই দলিলে বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা না থাকলেও খাতভিত্তিক দিকনির্দেশনা থাকবে। এ পরিকল্পনা মোতাবেক সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন নিশ্চিত করবে। সংলাপে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বাণিজ্যিকীকরণের কারণে প্রতিবছর এক শতাংশ হারে কৃষিজমি কমে যাচ্ছে। তাই ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া নতুন চরাঞ্চলের জমি কৃষিকাজে ব্যবহারের সুপারিশ করেন তিনি। কৃষি বিমা সম্পর্কে তিনি আরও জানান, প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা না থাকায় এই মুহূর্তে কৃষি মন্ত্রণালয়ের পক্ষে কৃষি বিমা চালু করা সম্ভব নয়। যেহেতু এটা আর্থিক খাতের বিষয়, তাই অর্থ মন্ত্রণালয় কৃষি বিমা চালু করতে পারে। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সরকারকেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই আপৎকালীন খাদ্য মজুদসীমা ১০ লাখ টন থেকে বাড়িয়ে ১৫ থেকে ২২ লাখ টন করা উচিত। তিনি আরও জানান, খাদ্য মজুদ বাড়াতে আধুনিক গুদাম তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে খলীকুজ্জমান আহমদ সাংবাদিকদের বলেন, এই দলিলের খসড়ায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া প্রকল্পগুলো অনুপস্থিত। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ তহবিলে আওতায় নেওয়া প্রকল্পগুলো উল্লেখ করা হয়নি। তিনি বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক এগিয়েছি, এখানে তা উল্লেখ করা হয়নি।’ মূল প্রবন্ধ: গতকাল উপস্থাপিত কৃষিবিষয়ক মূল প্রবন্ধে বলা হয়েছে, পরিকল্পনা দলিলের খসড়ায় ২০১৫ সাল নাগাদ পাঁচ বছরে কৃষি, পানিসম্পদ ও পল্লী উন্নয়ন খাতে দুই হাজার ৯১৫ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে ৩৬২ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ৪৭১ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৫৬৮ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ৬৮৩ কোটি টাকা ও ২০১৪-১৫ অর্থবছরে ৮৩০ কোটি টাকা ব্যয় করা হবে। ২০১৫ সাল নাগাদ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ শতাংশ আসবে কৃষি খাত থেকে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছর তিন লাখ টনের বেশি চাল উৎপাদন করতে হবে।