খাদ্যনিরাপত্তায় ৩০ লাখ ডলার অনুদান দেবে ইতালি
ইতালি সরকারের কাছ থেকে অনুদান হিসেবে ৩০ লাখ ডলার পাবে বাংলাদেশ। ‘কৃষি উৎপাদন বৃদ্ধি, আয়ের উৎস বৈচিত্র্যকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের মাধ্যমে খাদ্যনিরাপত্তা’ শীর্ষক প্রকল্পের অনূকূলে এ অর্থ দেওয়া হবে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাধ্যমে ইতালীয় ট্রাস্ট ফান্ড বাংলাদেশকে এ অর্থ দেবে। এ ব্যাপারে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), ইতালি সরকার ও এফএওর মধ্যে গতকাল সোমবার একটি চুক্তি হয়েছে। ইআরডি কার্যালয়ে সম্পাদিত হয় এ চুক্তি। ইআরডিসচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা মারিয়া মার্তা ওচ্চি এবং এফএওর প্রতিনিধি এড স্পাইকার্স নিজ নিজ সরকার বা সংস্থার পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পটি ময়মনসিংহ ও শেরপুর জেলার ভারত সীমান্তবর্তী ১২টি উপজেলার ৪৮টি গ্রামে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মেয়াদ চার বছর। এই প্রকল্পের মোট ব্যয় তিন লাখ ৩০ হাজার ডলার বা ২১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৩০ হাজার ডলার। বাকি অর্থ ইতালি সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে। প্রকল্পটির আওতায় উল্লিখিত গ্রামগুলোতে টার্গেট গ্রুপের মধ্যে দল গঠন করে তাদের জন্য জীবিকার উৎস বহুমুখীকরণ, পণ্য বাজারজাতকরণের সুবিধা প্রদান, দলের সদস্যদের জন্য ঘূর্ণমান তহবিল গঠন এবং ঋণ দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।