খাদ্যপণ্য ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী ২৬-২৯ এপ্রিল

সেমস্ গ্লোবালের উদ্যোগে ২৬ থেকে ২৯ এপ্রিল রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় খাদ্যপণ্য ও কৃষিজাত উপকরণের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চার দিনের এসব প্রদর্শনী হলো ‘২য় ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, ‘২য় এগ্রো ক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৭’ ও ‘২য় ইন্টারন্যাশনাল পোলট্রি অ্যান্ড লাইভ স্টক বাংলাদেশ এক্সপো ২০১৭’।
প্রদর্শনীগুলোতে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, থাইল্যান্ড, চীন ও তুরস্কের প্রায় ১২০টি প্রতিষ্ঠান ১৬০টি স্টলে অংশ নেবে। এসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোলট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র, পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ ইত্যাদি প্রদর্শন করবে।
সেমস্ গ্লোবাল গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীগুলোর বিস্তারিত তুলে ধরে। সংবাদ সম্মেলনে সেমস্ গ্লোবালের গ্রুপ প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম, বিসেফ ফাউন্ডেশনের সভাপতি জয়নুল আবেদীন, সেমস্ বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও বিপণন-প্রধান নঈম শরিফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসব প্রদর্শনীতে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ ঘটবে। ফলে স্থানীয় ক্রেতা, পরিবেশক ও উদ্যোক্তারা কৃষি খাতের আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন। এ ছাড়া প্রদর্শনীগুলো বাংলাদেশের খাদ্যশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনী উপলক্ষে সেমস্ গ্লোবাল ও বিসেফ ফাউন্ডেশন বাংলাদেশের খাদ্যনিরাপত্তা বিষয়ে ২৬ এপ্রিল বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘এখন সময় কাজ করার: বাংলাদেশে নিরাপদ খাদ্য’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করবে। বিজ্ঞপ্তি