খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি
আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

খাদ্যপণ্যের দাম কমায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি দশমিক ১৩ শতাংশ কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। আগস্টে তা দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ শতাংশে। এই হিসেবে জুলাইয়ের চেয়ে আগস্টে মূল্যস্ফীতি কমেছে দশমিক ১৩ শতাংশ।

মুস্তফা কামাল বলেন, আগস্টে খাদ্য ও খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৬৭ ও ৫ দশমিক ৭৬ শতাংশ, যা জুলাইয়ে ছিল যথাক্রমে ৭ দশমিক ৯৪ ও ৫ দশমিক ৭১ শতাংশ।

মূল্যস্ফীতি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নিত্যপ্রয়োজনীয়সহ ৫০ শতাংশ খাদ্য আমদানি করি। বিদেশে খাদ্যপণ্যের দাম অনেক কমে গেছে। এর ফলে মূল্যস্ফীতি অনেক কমে গেছে। বিদেশি পণ্যের দাম কমলে মূল্যম্ফীতি আরও কমে যাবে।’

দেশের সাম্প্রতিক বন্যা মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বন্যা আমাদের প্রতিবছরের ঘটনা। বন্যা দীর্ঘস্থায়ী না হলে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।’ তবে বন্যা প্রলম্বিত হলে এবং ক্ষয়ক্ষতি ব্যাপক হলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।