খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে হরতাল, মহাসমাবেশ, অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতায় পণ্যের সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এতে রাজধানীসহ সারা দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। সাধারণ নিম্ন আয়ের মানুষকে খাদ্যপণ্য কিনতে আগের চেয়ে বেশি খরচ করতে হয়েছে। গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতায় এর প্রতিফলন দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেখা গেছে, ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে গণনায় গত এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। মার্চ ও ফেব্রুয়ারি মাসে এই হার ছিল যথাক্রমে সাড়ে ৭ শতাংশ ও ৭ দশমিক ৪৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার আগারগাঁও পরিসংখ্যান ভবনে বিবিএস সংবাদ সম্মেলন করে সর্বশেষ মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করেছে।

এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, বিবিএস শুধু পণ্যের দামের তথ্য-উপাত্ত সংগ্রহ করে থাকে। কেন দাম বাড়ল সেই কারণ খোঁজে না। তবে রাজনৈতিক কারণে পণ্যের সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দাম বাড়তে পারে।

সংবাদ সম্মেলনে বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এপ্রিল মাসে বিভিন্ন রাজনৈতিক দল সারা দেশে পাঁচ দিন হরতাল করেছে। এ ছাড়া হেফাজতে ইসলাম রাজধানীতে মহাসমাবেশও করেছে। ফলে ওই দিনগুলোতে যানবাহন চলাচল না করায় সারা দেশে পণ্য বিশেষ করে ভোগ্যপণ্য সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। হরতালের আগের রাত থেকেই যানবাহন সংকটে পণ্য সরবরাহব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় রাজধানী ও বড় শহরগুলোর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। বেশি দামে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা।

বিবিএসের হিসাবে, এপ্রিল মাসে মার্চের তুলনায় খাদ্যসামগ্রী উপ খাতে দশমিক ০৩ শতাংশ দাম বেড়েছে। মূলত চাল, মাছ, ফল, দুধসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিই এর কারণ।

তবে খাদ্যবহির্ভূত খাতে এপ্রিল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এপ্রিল মাসে এই হার ৭ দশমিক ৯১ শতাংশ। আর মার্চ মাসে খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ০৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। তবে বিবিএস বলছে, এপ্রিল মাসে পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালিপণ্য, পরিবহন ব্যয়, শিক্ষা উপকরণ ও বিভিন্ন ধরনের সেবার দাম বেড়েছে।

আবারও খাদ্যপণ্যের ঊর্ধ্বগতি সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও প্রভাব পড়েছে। তাই এপ্রিল মাসে সামগ্রিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে। মার্চ মাসের মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭১ শতাংশ। প্রসঙ্গত, ২০১২ সালের মার্চ ও এপ্রিল মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে ছিল।

গ্রামের চেয়ে শহরের মানুষকে বেশি মূল্যস্ফীতির চাপ সহ্য করতে হচ্ছে। দৈনন্দিন জীবনধারণে শহরের মানুষের আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। এপ্রিল মাসে এই খরচের চাপ আরও বেড়েছে। শহর এলাকায় মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কিছুটা বেড়ে ৯ দশমিক ৪৬ শতাংশ হয়েছে। এর আগের মাসে এই হার ছিল ৮ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে গ্রামে সামগ্রিক মূল্যস্ফীতির হার এপ্রিল মাসে ৭ দশমিক ৮০ শতাংশ। মার্চ মাসে এই হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।

সংবাদ সম্মেলনে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরেও মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করা হয়েছে। সেই ভিত্তিবছরেও এপ্রিল মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭৪ শতাংশ। তবে আগামী জুলাই মাস থেকে আর ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হবে না।

সংবাদ সম্মেলনে বিবিএস আরও বলেছে, আগের মাসেও তুলনায় এপ্রিল মাসে মজুরি কম বেড়েছে। এপ্রিল মাসে জাতীয় মজুরির বৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৯৪ শতাংশ। আর মার্চ মাসে ছিল ১৪ দশমিক ৪৫ শতাংশ।