খাদ্যবহির্ভূত ব্যয় বাড়াল মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্যস্ফীতির মাসওয়ারি প্রবণতা
মূল্যস্ফীতির মাসওয়ারি প্রবণতা

প্রতিবছর জানুয়ারি মাস এলেই বাড়িওয়ালারা বাড়িভাড়া বাড়িয়ে দেন। সে কারণে অনিচ্ছা সত্ত্বেও সাধারণ মানুষকে এ মাসে আয়ের একটি বাড়তি অংশ তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। বছরের প্রথম মাসে পরিবারের সদস্যদের কিনে দিতে হয় নতুন জামাকাপড়। সন্তানকেও কিনে দিতে হয় নতুন শিক্ষা উপকরণ।
এসব কারণে জানুয়ারি মাসে মানুষের খাদ্যবহির্ভূত ব্যয় বেড়েছে। আর এরই প্রভাব পড়েছে জানুয়ারির সার্বিক মূল্যস্ফীতিতে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কম থাকার পরও সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে গেছে।
খাদ্যমূল্য চড়া থাকার পরও ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি যেখানে ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ, সেখানে জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫০ শতাংশে।
আবার ডিসেম্বরে যেখানে আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ছিল দশমিক ৫৪ শতাংশ, সেখানে এক মাসের ব্যবধানে জানুয়ারিতে তা বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। এটা পুরোপুরি খাদ্যবহির্ভূত ব্যয়ের জন্য। ডিসেম্বরে আগের মাসের চেয়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছিল মাত্র দশমিক ১৯ শতাংশ, জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে হালনাগাদ এসব তথ্য প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে বিবিএস বলেছে, ডিসেম্বরের ৯ শতাংশ থেকে কমে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৪ দশমিক ৮৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ হয়েছে।
বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকায় পরিবহনব্যবস্থা এখন স্বাভাবিক হয়েছে। অস্থিরতার কারণে মজুত থাকা খাদ্যপণ্যগুলো এখন একসঙ্গে বাজারে আসছে। স্বাভাবিক কারণেই পণ্যের সরবরাহ বেড়েছে। এতে পণ্যের দামও কমেছে। তবে এ সময়ে পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিত্সাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ পণ্য ও সেবার মূল্য বেড়েছে।
গোলাম মোস্তফা কামাল অবশ্য আশা প্রকাশ করেন, সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী থাকবে।
বিবিএস বলেছে, জানুয়ারিতে গ্রামাঞ্চলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এখানে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৯ এবং খাদ্যবহির্ভূত সূচকে হয়েছে ৫ দশমিক ১৭ শতাংশ।
অন্যদিকে জানুয়ারিতে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯৮ শতাংশ। ডিসেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৫৮ শতাংশ। খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮০ এবং খাদ্যবহির্ভূত সূচকে হয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এ বছরের জানুয়ারি—এই এক বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। এর আগের একই সময়ে হার ছিল ৬ দশমিক ০৬ শতাংশ।
প্রসংগত, চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়। বাংলাদেশ ব্যাংকও কয়েক দিন আগে ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হার ৭ শতাংশে বেঁধে রাখার কথা বলেছে।