খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে বড় ধরনের উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের মার্চ মাসে জাতীয় মূল্যস্ফীতি আরেক দফা কমেছে। কিন্তু খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার মার্চে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৯৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার মার্চ মাসের মূল্যস্ফীতির যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, মার্চে মাসওয়ারি মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১০ শতাংশ। আর ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ মাসওয়ারি মূল্যস্ফীতির হার কমছে।মূলত মার্চ মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ২৮ শতাংশ হওয়ার প্রভাবে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগের মাসে মানে ফেব্রুয়ারিতে এ হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। তবে মার্চ মাসে গ্রামের চেয়ে শহরে বেশি মূল্যস্ফীতি হয়েছে। বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে শহরে মূল্যস্ফীতির হার ১১ দশমিক ৮৯ শতাংশ। আর গ্রাম এলাকায় এ হার ৯ দশমিক ৪০ শতাংশ। তবে আশঙ্কার বিষয় হলো, গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১৪ দশমিক ১৭ শতাংশ। আর খাদ্যপণ্যে ৭ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে শহর এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এ হার ১৩ দশমিক ৪২ শতাংশ। মার্চ মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বাড়ার মূলত দুটি কারণ। প্রথমত, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব। দ্বিতীয়ত, ফেব্রুয়ারি মাসে ডলারের দাম বেড়েছে। ফলে উচ্চমূল্যের ডলারে ঋণপত্র খুলে যেসব পণ্য আমদানি করা হয়েছে, সেসব পণ্য মার্চ মাসে বাজারে এসেছে।’জায়েদ বখত মনে করেন, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমার কারণ চালের দাম স্থিতিশীল থাকা। এ ছাড়া সরকারের চালের মজুদও ভালো অবস্থায় রয়েছে। বখত আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর করা যাচ্ছে না। কেননা, সরকার সমপ্রসারণমূলক রাজস্বনীতি গ্রহণ করেছে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকারের উচিত বড় ব্যয় সংকোচনে যাওয়া। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে পরিসংখ্যান ব্যুরো বলছে, আমদানি করা খাদ্যবহির্ভূত পণ্য রাজধানী হয়ে গ্রামাঞ্চলে পৌঁছে। ফলে পরিবহন ব্যয় ও মুনাফা যোগ হয়ে গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে, যা জাতীয় সূচকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হার বাড়িয়ে দিচ্ছে। তবে মার্চ খাদ্যবহির্ভূত পণ্যে এযাবৎকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি কি না, তা জানাতে পারেনি বিবিএস। বিবিএস মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বলেছে, মাসিক ভিত্তিতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে খাদ্যসামগ্রী উপখাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা দশমিক ৩০ ভাগ। এর কারণ মাছ-মাংস, ডিম, দুধসহ অন্যান্য খাদ্যসামগ্রী ও কোমল পানীয় ইত্যাদির দাম বৃদ্ধি পয়েছে। তবে মার্চ মাসে চাল, ডাল, মসলা ও ভোজ্যতেলের দাম কমেছে। খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা দশমিক ৫৯ ভাগ। প্রধান পরিধেয় বস্ত্রাদি, চিকিৎসাসেবা খরচ, পরিবহন খাত, আসবাব, গৃহস্থালি ও লন্ড্রি সামগ্রীর মূল্য বেড়েছে। বিবিএস আরও বলেছে, গত এক বছরের (এপ্রিল ২০১১-মার্চ ২০১২) গড় মূল্যস্ফীতির হার শতকরা ১০ দশমিক ৯২ ভাগ। এর আগের এক বছরের গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। বিবিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক প্রশ্নের জবাবে বিবিএসের মহাপরিচালক বলেন, আগামী মাস থেকে মূল্যস্ফীতি নিরূপণের নতুন ভিত্তিবছর ও পণ্য তালিকা ধরে গণনা শুরু করা হতে পারে। বর্তমানে ১৯৯৫-৯৬ সালের ভিত্তিবছর ও পণ্য তালিকা ধরে এখন ভোক্তামূল্য সূচক নির্ণয় করা হয়। ইতিমধ্যে বিবিএস নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ ও নতুন পণ্য তালিকা তৈরি করেছে। নতুন সিপিআইয়ের মাধ্যমে মূল্যস্ফীতির হার নির্ধারণে পল্লি এলাকা থেকে মোট ৩১৮টি পণ্য ও সেবাপণ্যের তথ্য সংগ্রহ করা হবে। শহর এলাকা থেকে মোট ৪২২টি পণ্য ও সেবাপণ্যের তথ্য সংগ্রহ করা হবে।