এবার প্রবৃদ্ধির হার ৬.২ শতাংশ হতে পারে
খাদ্যমূল্য ব্যবস্থাপনা সতর্কভাবে করা প্রয়োজন: বিশ্বব্যাংক
দেশে খাদ্য মজুদের চাহিদা-জোগানের মধ্যে কোনো বড় ধরনের ভারসাম্যহীতা নেই। আর আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবেই দেশের ভেতরে খাদ্যের মূল্য বেড়েছে। কিন্তু গরিব মানুষ উচ্চ ও অস্থির খাদ্যমূল্যের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আর তাই খাদ্যমূল্য ব্যবস্থাপনা সতর্কভাবে করা প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতির ওপর বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই অভিমত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি গতকাল প্রকাশ করা হয়েছে। এতে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হয়েছে।বিশ্বব্যাংক বলছে, খাদ্যের বিশেষত, চালের মূল্যস্ফীতি দারিদ্র্য পরিস্থিতিকে আরও খারাপ করবে। কেননা, দেশের দরিদ্রতম ৪০ শতাংশ পরিবারের মোট ভোগ-ব্যয়ের ৬৬ শতাংশ যায় খাবারের পেছনে। এর ৩৩ শতাংশ ব্যয় করতে হয় প্রধান খাদ্য চালের ওপর। উল্লেখ্য, চলতি অর্থবছরের মার্চ মাসে এসে সার্বিক মূল্যস্ফীতির হার সাড়ে ১০ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে খাদ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ১৪ শতাংশ। বিশ্বব্যাংক অবশ্য এও বলছে, গত তিন বছরে খাদ্যের মোট কার্যকর চাহিদা বৃদ্ধির হার ছিল বার্ষিক পাঁচ শতাংশ। এর ভিত্তিতে চলতি অর্থবছর শেষে বাংলাদেশে খাদ্যের মোট চাহিদা তিন কোটি ৮৫ লাখ টন হওয়ার কথা। একই সময় সরকার খাদ্য উৎপাদন ও আমদানি মিলিয়ে মোট জোগানের লক্ষ্যমাত্রা চার কোটি সাড়ে তিন লাখ টন নির্ধারণ করেছে। এসব উপাত্ত তুলে ধরে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এতে বোঝা যায় দেশে খাদ্য সরবরাহের কোনো কমতি নেই।এতে আরও বলা হয়েছে, যদি বোরো উৎপাদনে বড় ধরনের কোনো বিপর্যয় দেখা না দেয়, আর যদি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা যায়, তাহলে আউশ ও আমনের উৎপাদনে ঘাটতি সত্ত্বেও এবার মোট চাহিদা পূরণ করা সম্ভব হবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববাজারে খাদ্যের মূল্যবৃদ্ধি খুব দ্রুতই বাংলাদেশের বাজারে সংক্রমিত হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ভারতের কলকাতার বাজারে চালের দর বাংলাদেশের ঢাকার বাজারে চালের দরের খুব কাছাকাছি প্রতীয়মান হয়। থাইল্যান্ডের সঙ্গেও বাংলাদেশের চালের বাজারদরের সাযুজ্য রয়েছে। প্রবৃদ্ধি: চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২০ শতাংশের আশপাশে থাকবে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, রপ্তানি প্রবৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদাই এবার প্রবৃদ্ধিকে চালিত করছে। আবার এখন পর্যন্ত কৃষি খাতের উৎপাদন ভালো হয়েছে। শিল্প খাতেও গতিময়তা ফিরে এসেছে। জোরালো হয়েছে সেবা খাত। প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথমার্ধে আমদানি-রপ্তানি উভয়ই বাড়লেও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। অভিবাসী শ্রমজীবীদের বাইরে যাওয়ার পরিমাণ কমে যাওয়ায় এটি হয়েছে।আবার খাদ্য ও জ্বালানি আমদানির উচ্চমূল্যের কারণে চলতি হিসাবের ভারসাম্য চাপের মুখে পড়েছে। আর এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে চলতি হিসাবের ভারসাম্য উদ্বৃত্ত থেকে ঘাটতিতে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাবে। বিশ্বব্যাংক আরও বলছে, দাম বাড়ার কারণে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকির পরিমাণও বেড়ে গেছে, যা বাজেটকে চাপের মুখে ফেলেছে। তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় লক্ষ্যমাত্রার চেয়ে কম থাকায় রাজস্ব ক্ষেত্রে খানিকটা স্বস্তিদায়ক অবস্থা রয়েছে।শেয়ারবাজার: দেশের শেয়ারবাজার পরিস্থিতি তিনভাবে ব্যাংক খাতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। একটি হলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে সংশ্লিষ্টতা, যা কিনা এখন মোট দায়ের তিন শতাংশ। এটি খেলাপি ঋণ বাড়িয়ে দিতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক। আরেকটি হলো, পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড, যা রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজার সংশ্লিষ্ট ঝুঁকি বাড়িয়ে দেবে। আর তৃতীয়ত, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বিতরণ করা কিছু এসএমই ঋণ ও ‘এনি পারপাস লোন’ যা কিনা শেয়ারবাজারের অস্থিরতায় ব্যাংকগুলোর ঝুঁকি বাড়াচ্ছে।বিশ্বব্যাংক আরও বলেছে, মুদ্রা সরবরাহ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেড়ে যাওয়ায় তা পুঁজিবাজারের সাম্প্রতিক পতনের আগে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরিতে একটা ভূমিকা রেখেছে।