খাদ্যমূল্যের প্রভাবে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। আগস্টে এ হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য দেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী জানান, মূলত ঈদুল আজহার কারণেই গত মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ১০ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ৪ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কমেছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৯ শতাংশ। আগস্ট মাসে এ হার ছিল ৭ শতাংশ।