খাদ্যশস্য আমদানি রেকর্ড ছাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে খাদ্যশস্য আমদানি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে চলতি অর্থবছর। এই অর্থবছরের প্রথম পাঁচ মাসে যে পরিমাণ চাল ও গম আমদানি হয়েছে, তা আগের পুরো বছরের মোট আমদানির কাছাকাছি।

এ সময়ে বিশ্ববাজারে দাম কম থাকা এবং দেশে ব্যবহার বাড়ায় ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে গম আমদানি করেছেন। এর পাশাপাশি উৎপাদন কম হওয়ায় সরকারি ও বেসরকারি খাতে চাল আমদানি বেড়েছে।

খাদ্যশস্যসহ সার্বিকভাবে আমদানি বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য, বৈদেশিক লেনদেনে ভারসাম্য ও বন্দরের ওপর চাপ বাড়ছে।

খাদ্য অধিদপ্তরের হিসাবে, গত রোববার পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম সাড়ে পাঁচ মাসে দেশে এসেছে ৫৫ লাখ ৮৯ হাজার টন খাদ্যশস্য। এর বাইরে চট্টগ্রাম বন্দরে ২৮ জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে প্রায় ৮ লাখ টন খাদ্যশস্য। আগের অর্থবছরে (২০১৬-১৭) মোট ৫৮ লাখ ২৩ হাজার টন খাদ্যশস্য আমদানি হয়, যা এখন পর্যন্ত এক অর্থবছরের হিসেবে সর্বোচ্চ।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের খাদ্য পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ৭৫ লাখ টন খাদ্যশস্য আমদানির প্রাক্কলন করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এখনকার ধারা চলতে থাকলে আমদানির পরিমাণ অনেক বেশি হবে।

অতীতে বেশি পরিমাণ খাদ্য আমদানি হয়েছিল ১৯৯৮-৯৯ অর্থবছরে। ওই বছর দেশে ৫৪ লাখ ৮৭ হাজার টন খাদ্যশস্য আমদানি হয়েছিল। ২০১০-১১ অর্থবছরে আমদানি হয় ৫৩ লাখ ১৩ হাজার টন।

হাওরে গত বোরো মৌসুমে ধান তলিয়ে যাওয়ায় গত অর্থবছর দেশে চাল উৎপাদন প্রায় ৯ লাখ টন কম হয়। এর প্রভাবে চালের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। ৩৫ টাকা কেজির মোটা চাল একসময় ৫০ টাকায় ওঠে। অবশ্য এখন তা কিছুটা কম। বাজার সামাল দিতে সরকার দুই দফায় চালের আমদানি শুল্ক কমিয়ে ২৮ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনে।

চালের পাশাপাশি গমের উৎপাদনও গত মৌসুমে কম হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত মৌসুমে দেশে ১৩ লাখ ১১ হাজার টন গম উৎপাদিত হয়, যা আগের বছরের চেয়ে ৩৭ হাজার টন কম।

খাদ্যশস্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, বহুমুখী ব্যবহার হওয়ায় দেশে কয়েক বছর ধরে গমের চাহিদা বাড়ছে। চালের দাম বেড়ে যাওয়ায় গমের ওপর চাপ আরও বেড়েছে। তিনি বলেন, এ বছর গম আমদানি ৬৩ লাখ টন ছাড়িয়ে যেতে পারে। আবার চাল আমদানি আগামী এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর চাল আমদানি বাড়বে না কমবে, তা নির্ভর করবে পরবর্তী মৌসুমের ওপর।

আমদানির চাপে বাজারে ইতিমধ্যে ডলারের দাম বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত জানুয়ারি মাসেও ডলারের গড় দাম ছিল ৭৯ টাকার নিচে, যা গত মঙ্গলবার দাঁড়ায় ৮২ টাকা ৭০ পয়সা। এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাস বা জুলাই-অক্টোবর সময়ে বৈদেশিক বাণিজ্যে চলতি হিসাব ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্টে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৪ কোটি ৪ লাখ ডলার।

খাদ্যশস্য আমদানি বাড়লেও চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ ও জেটিঘাটসহ পর্যাপ্ত সুবিধা না থাকায় খাদ্যশস্যবাহী একেকটি জাহাজ দেড় থেকে দুই মাসের বেশি সময় ধরে অবস্থান করছে বন্দরে। এতে আমদানিতে বাড়তি খরচ হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে বেনাপোল বন্দরেও একটি ট্রাককে ১৫ দিনের বেশি অপেক্ষা করতে হয় পণ্য বাংলাদেশে আনার জন্য।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, আগামী বোরোতে ফলন ভালো হলে চাল আমদানির চাপ কিছুটা কমতে পারে। তবে পুরো বছরের হিসাবে খাদ্যশস্য আমদানির চাপ আগামীতেও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএস) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পূর্বাভাস অনুযায়ী এ বছর যেসব দেশে চাল উৎপাদন কমবে, তার মধ্যে বাংলাদেশ একটি। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি হলে বাংলাদেশকে চাল আমদানি বাড়াতে হয়। বাড়তি আমদানির জন্য দেশের বন্দরগুলো প্রস্তুত নয়।