খাদ্যে খরচ কমেছে, পোশাক শিক্ষা ও স্বাস্থ্যে বেড়েছে

গত ছয় বছরে এ দেশের মানুষের খাবারের অভ্যাসের অনেক পরিবর্তন হয়েছে। মানুষ আগের চেয়ে কম খাচ্ছে। তারা এখন ভাত কম খায়। ফলমূল, দুধ, চিনি খাওয়াও কমিয়ে দিয়েছে। তবে মাছ-মাংস, শাকসবজি, ডিম, তেল ও মসলাজাতীয় খাবার বেশি খায়। সার্বিকভাবে খাবারের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, বিনোদনসহ অন্য খাতেই বেশি খরচ করে তারা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ–২০১৬তে এই চিত্র পাওয়া গেছে। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, সার্বিকভাবে খাদ্য গ্রহণের পরিমাণ কমে গেছে। এখন দিনে একজন মানুষ গড়ে ৯৭৬ গ্রাম খাবার খায়। ২০১০ সালে এর পরিমাণ ছিল ১ কেজি বা ১ হাজার গ্রাম।
খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে খরচের খাতগুলোও বদলে গেছে। বিবিএস বলছে, আগে মোট খরচের ৫৪ শতাংশই খাবার কেনায় যেত। এখন তা কমে ৪৭ শতাংশে নেমে এসেছে। একটি পরিবার মাসে গড়ে ১৫ হাজার ৮৯৩ টাকা আয় করে। এর মধ্যে ৭ হাজার ৩৫৪ টাকা খাবার কিনতে খরচ করে। গ্রামের একটি পরিবার খাবারের পেছনে মাসে খরচ করে ৭ হাজার টাকা। শহরে এর পরিমাণ ৮ হাজার ২৫৫ টাকা।
এই বিষয়ে জরিপটির প্রকল্প পরিচালক দীপঙ্কর রায় প্রথম আলোকে বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন উন্নয়নের নির্দেশক। আয় বেশি হলে মানুষ খাবারের পাশাপাশি খাদ্যবহির্ভূত খাতেও খরচ করে। কেননা, ইচ্ছে করলেই তারা বেশি খেতে পারবে না। ফলে তারা পরিবারের সদস্যদের শিক্ষা, পোশাক-আশাক, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে খরচ করে বা খরচ বাড়িয়ে দেয়।
ভাত
আগের চেয়ে ভাত খাওয়া কমেছে। ২০১০ সালে একজন মানুষ দিনে গড়ে ৪১৬ গ্রাম চাল বা ভাত খেত। ২০১৬ সালের জরিপে দেখা গেছে, এখন তারা দিনে গড়ে ৩৬৭ গ্রাম ভাত খায়। তবে গ্রামের চেয়ে শহরের মানুষের মধ্যে ভাত খাওয়ার প্রবণতা কম। শহরের মানুষ দৈনিক গড়ে ৩১৬ গ্রাম ভাত খায়। আর গ্রামের মানুষ সেখানে ৩৮৬ গ্রাম ভাত খায়। ছয় বছরের ব্যবধানে গ্রাম-শহরনির্বিশেষে ভাত খাওয়া কমেছে।
মাংস
গরু ও খাসির মাংস খাওয়ার প্রবণতা কমলেও মুরগি খাওয়া বেড়েছে। গত ছয় বছরে গরু ও খাসির মাংসের দাম তুলনামূলক বেশি বেড়েছে। তবে ব্রয়লার মুরগির দাম সেই তুলনায় কম বেড়েছে। বিবিএসের জরিপ অনুযায়ী, এখন একজন মানুষ দিনে গড়ে ৭ দশমিক ৫৪ গ্রাম মাংস খায়। খাসির মাংস খায় গড়ে আধা গ্রাম। গ্রাম-শহরনির্বিশেষে গরু ও খাসির মাংস খাওয়া কমেছে। অন্যদিকে একজন মানুষ মুরগির মাংস খায় দিনে গড়ে ১৭ দশমিক ৩৩ গ্রাম। ছয় বছর আগে এর পরিমাণ ছিল ১১ দশমিক ১১ গ্রাম।
মাছ
মাছ খাওয়া ব্যাপক হারে বেড়েছে। এখন একজন মানুষ দিনে গড়ে যেখানে ৬২ দশমিক ৫৮ গ্রাম মাছ খায়, আগে তারা খেত সাড়ে ৪৯ গ্রাম। তবে গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি মাছ খায়। শহরের একজন নাগরিক দৈনিক প্রায় ৬৮ গ্রাম মাছ খায়, গ্রামের মানুষ ৬০ গ্রাম।
দুধ-ডিম
ডিম খাওয়া বাড়লেও দুধ খাওয়া কমেছে। আগের চেয়ে দ্বিগুণ ডিম খায় এ দেশের মানুষেরা। মানুষ দিনে গড়ে ১৩ দশমিক ৫৮ গ্রাম ডিম খায়। আর দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য খায় দিনে গড়ে ২৭ দশমিক ৩১ গ্রাম। আগে দৈনিক প্রায় ৩৪ গ্রাম দুধ ও দুগ্ধজাতীয় খাবার খেত তারা।
শাকসবজি-ফলমূল
ছয় বছরের ব্যবধানে শাকসবজি খাওয়া খুব বেশি বাড়েনি। এখন গ্রাম-শহরনির্বিশেষে একজন মানুষ গড়ে ১৬৭ গ্রাম সবজি খায়, যা আগের চেয়ে মাত্র ১ গ্রাম বেশি। তবে ছয় বছরের ব্যবধানে ফল খাওয়া বেশ কমেছে। একজন মানুষ দৈনিক গড়ে ৩৫ গ্রাম ফল খায়, আগে ছিল ৪৫ গ্রাম। বিশেষ করে গ্রামে ফল খাওয়া বেশ কমেছে।
মৌলিক চাহিদার ব্যয় পদ্ধতির মাধ্যমে দারিদ্র্য পরিস্থিতি পরিমাপ করে বিবিএস। জরিপ করে খানা বা পরিবারের আয়-ব্যয়, ভোগ, পুষ্টিমান, জীবনযাত্রা, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদির তথ্য নেওয়া হয়। কোনো ব্যক্তি দিনে ২ হাজার ১২২ কিলোক্যালরির খাবার কেনার সামর্থ্যের পরও কিছু টাকা খাদ্যবহির্ভূত পণ্যেও খরচ করতে পারে, তারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। যাদের দৈনিক মোট খরচ করার সামর্থ্য ২ হাজার ১২২ কিলোক্যালরি খাদ্য কেনার সমান, তারা হতোদরিদ্র।