খাদ্যের উচ্চ মূল্যস্ফীতি দারিদ্র্য বাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যের উচ্চহারে মূল্যস্ফীতি নতুন করে কিছু লোককে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যায়। তাই বর্তমানে দেশে ১১ শতাংশ হারে (এপ্রিল, ২০১১) খাদ্যের মূল্যস্ফীতি আগামী দিনে আরও কিছু মানুষকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ।সংস্থাটির হালনাগাদ মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই আশঙ্কা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০০ সালে দেশের খাদ্যে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ২ দশমিক ৬৮ শতাংশ। আর তখন পাঁচ কোটি ৫৮ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত।তবে খাদ্যের মূল্যস্ফীতির এ হার ২০০৫ সালে বেড়ে ৭ দশমিক ৯১ শতাংশে দাঁড়ায়। একই সময়ে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনসংখ্যা ২০ লাখ বেড়ে পাঁচ কোটি ৬০ লাখে উন্নীত হয়। উন্নয়ন অন্বেষণ আরও বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি খাদ্য নিরাপত্তায়, বিশেষ করে বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব ফেলবে। এই পর্যালোচনায় বলা হয়েছে, নিম্নবিত্ত শ্রেণীর মানুষের আয়ের সিংহভাগই খরচ হয় খাদ্যদ্রব্য ক্রয়ের পেছনে। তাই খাদ্যের দাম বাড়তে থাকলে তাদের খাদ্য গ্রহণের পরিমাণ কমবে এবং খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কারণে খাদ্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না বলে উল্লেখ করেছে উন্নয়ন অন্বেষণ। বলছে, ২০০৫ সালের তুলনায় ২০১১ সালের জুন পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মোটা, মাঝারি এবং সরু চালের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। একই সময়ে আটার দাম বেড়েছে প্রায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ; সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে যথাক্রমে ১১৮ দশমিক ৩৬ শতাংশ ও ১৪৬ দশমিক ১৫ শতাংশ।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, খাদ্যের উচ্চমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা ও একই সঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা বর্তমান সরকারের কাছে এখন একটি প্রধান চ্যালেঞ্জ। মাঠ পর্যায়ে নিজস্ব জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতি কেজি ইউরিয়া সার আট টাকা ও প্রতি লিটার ডিজেল দুই টাকা বাড়ায় বোরো ধানের উৎপাদন খরচ বাড়াবে প্রতি কেজিতে ৯০ পয়সা। এর ফলে প্রতি কেজি চালের দাম বর্তমানের তুলনায় এক টাকা ৩০ পয়সা থেকে এক টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়তে পারে।সরকার ২০১১-১২ অর্থবছরে ২৯ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকার নির্ধারিত ২৯ টাকা দরে চাল ক্রয় করলে প্রতি বিঘায় কৃষকদের মাত্র ১৩১ টাকা ২৮ পয়সা করে লাভ থাকবে, যা কৃষকদের ধান উৎপাদনকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করতে পারে বলে মনে করে প্রতিষ্ঠানটি।আবার প্রতি ৪০ কেজি বোরো ধান উৎপাদনে কৃষক পর্যায়ে ৭৫০ টাকা খরচের প্রয়োজন হলে স্থানীয় বাজারে ধানের মূল্য দাঁড়ায় প্রতি কেজিতে ৩৪ টাকা ১১ পয়সা। নির্দিষ্টকৃত ধানের মূল্যের (৭৫০ টাকায় ৪০ কেজি) সঙ্গে কৃষকদের উৎপাদন খরচের তুলনা করলে দেখা যায়, প্রতি মাসে কৃষকদের কাছে থাকে মাত্র ৭৩৫ টাকা ৯০ পয়সা, যা মোট পাঁচ মাস পর গিয়ে দাঁড়ায় তিন হাজার ৬৭৯ টাকা ২৮ পয়সা।