বাণিজ্যমেলায় খাবারের দাম নিয়ে অসন্তোষ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবারের দোকানগুলো বেশি দাম রাখছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতা ও দর্শনার্থীরা। তাঁদের অভিযোগ, মেলায় বরাদ্দ দেওয়া দোকানের বাইরে অন্য কোথাও খাবারের কোনো ব্যবস্থা নেই। এই একচেটিয়া সুবিধার কারণে দোকানগুলো বাইরের তুলনায় দ্বিগুণেরও বেশি দাম রাখছে।
অবশ্য মেলায় খাবারের দোকানের জন্য নির্ধারিত মূল্যতালিকা বেঁধে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই নির্ধারিত দামের বাইরে যদি কোনো অতিরিক্ত টাকা রাখে, সে ক্ষেত্রে জরিমানার কথা বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। কিন্তু ক্রেতাদের অভিযোগ রপ্তানি উন্নয়ন ব্যুরোর বেঁধে দেওয়া দামই অনেক বেশি। এর বাইরেও কেউ কেউ আরও বেশি দাম রাখছে।
আজ শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা গেছে, মেলায় আসা সাধারণ মানুষ খাবারের দামের ওপর অনেকটাই ক্ষুব্ধ। বেশি দাম রাখায় অনেকেই দোকানে ঢুকে আবার বেরিয়েও যাচ্ছেন। তাঁরা বলছেন, মেলায় সাধারণত অন্যান্য জায়গার চেয়ে কম দাম হয়, কিন্তু এখানকার খাবারের দোকানগুলো অতিরিক্ত দাম রাখছে। যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।
মেলায় আসা মো. শরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘আমি আমার মেয়ের জন্য ভ্রাম্যমাণ দোকান থেকে একটি কোন আইসক্রিম কিনেছি, যার দাম রেখেছে ৪০ টাকা, কিন্তু বাইরে এই আইসক্রিমের দাম সর্বোচ্চ ২৫ টাকা।’ খালেদ হোসেন বলেন, ‘এখানে খাবার খেলে অন্য জায়গার চেয়ে দ্বিগুণ দাম দিতে হয়। ছেলের জন্য একটা ভেজিটেবল রোল ৪০ টাকায় কিনেছি। এর দাম বড়জোর ২০ টাকা হওয়া উচিত।’ কবির বলেন, পুরো মেলাটা অনেক জায়গা নিয়ে। তাই ঘুরে দেখতে দেখতে ক্ষুধা লেগে যায়। কিন্তু এখানে একটি চিকেন পেটিস ৫০ টাকা। সাজ্জাদ বলেন, ‘মেলা কর্তৃপক্ষ একটা দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই দামই তো অনেক বেশি হয়ে যায়। ফুচকা খেলাম, যার দাম রেখেছে ১০০ টাকা। কিন্তু মেলার বাইরে এক প্লেট ফুচকা ৪০ টাকা।’
অবশ্য দোকানের কর্মীরা খাবারের দাম নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী বলেন, ‘আমরা এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নির্ধারিত দাম নিচ্ছি। এর বাইরে আমরা বেশি টাকা নিচ্ছি না। আর আমরা অনেক টাকা দিয়ে এখানে দোকান নিয়েছি, তাই একটু বেশি যদি না নিই, সে ক্ষেত্রে তো লোকসান হবে।’ আরেকটি খাবারের দোকানের একজন কর্মকর্তা দাবি করলেন, তাঁদের দোকানে নির্ধারিত দামই রাখা হচ্ছে, কিন্তু কয়েকটা দোকানে নির্ধারিত দামের চেয়ে একটু বেশি রাখছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সদস্যসচিব মোহাম্মদ রেজাউল করিম বলেন, এখানে ব্যবসায়ীরা অল্প কয়েক দিনের জন্য ব্যবসা করতে আসেন। একটু বেশি তো হবেই, কিন্তু অনেক বেশি না। এই দাম সবাই একসঙ্গে বসে নির্ধারণ করা হয়েছে। এটা কারও একার সিদ্ধান্তে হয়নি। তিনি আরও বলেন, এখানে ব্যবসায়ীরা অনেক টাকা মূলধন বিনিয়োগ করে খাবার দোকান দিয়েছেন।
রেজাউল করিমের দাবি, এখানে যাঁরা খেতে আসেন, তাঁরা ধনাঢ্য ব্যক্তি। তাই তাঁদের তেমন কোনো সমস্যা হয় না। কিছু দোকান নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার অভিযোগ স্বীকার করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি সেল আছে। কেউ যদি দামের ব্যাপারে সমস্যায় পড়েন, তবে সেখানে অভিযোগ করতে পারেন।