বিশ্ব দুগ্ধ দিবস আজ
খামারে বিনিয়োগে তরুণেরা, বাড়ছে দুধের উৎপাদন
পাঁচ বছরে দুধের উৎপাদন বেড়েছে ৪৭%। তবে ঘাটতি রয়ে গেছে। দাম নাগালে থাক, চান সীমিত আয়ের মানুষ।
তরুণদের হাত ধরে দেশে গরুর খামারের সংখ্যা বাড়ছে। এতে যেমন মাংসের উৎপাদন বাড়ছে, তেমনি বাড়ছে দুধের উৎপাদনও। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, পাঁচ বছরে দেশে দুধের উৎপাদন ৪৭ শতাংশ বেড়েছে।
দেশের যেসব তরুণ-যুবক গরুর খামার করেছেন, তাঁদের একজন পুরান ঢাকার লালবাগের আকবর আলম। ২০১৫ সালে ঢাকার কেরানীগঞ্জে ছোট জমিতে একটি গরু দিয়ে তাঁর খামার যাত্রা শুরু করেছিল। এখন সেই খামারে ৫৫০টি গরু রয়েছে, যার ২০০টি গাভি।
আকবর বলেন, তিনি বিনিয়োগ করেছেন প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়েছেন। খামারের আকার দাঁড়িয়েছে দেড় একর। ইতিমধ্যে তাঁর বিনিয়োগের টাকা উঠে গেছে।
দেশে অবশ্য চাহিদার তুলনায় দুধের উৎপাদন কম। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে দেশে প্রায় ১ কোটি ৭ লাখ টন দুধ উৎপাদিত হয়। ঘাটতি প্রায় ৪৫ লাখ টন। উৎপাদন যেমন কম, তেমনি দুধ পানেও পিছিয়ে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, একজন মানুষের দৈনিক ২৫০ মিলিলিটার করে দুধ পান করা দরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে মাথাপিছু দুধের প্রাপ্যতা দিনে ১৭৫ মিলিলিটার।
যদিও এই পরিসংখ্যান নিয়ে গবেষকদের আপত্তি আছে। তাঁদের মতে, দেশে মাথাপিছু দুধ পান ৬০ মিলিলিটারের মতো। ওদিকে ভারতীয়রা দিনে গড়ে ৪৭০ ও পাকিস্তানিরা ৬৫০ মিলিলিটার করে দুধ পান করে। এমনই পরিস্থিতিতে দেশে আজ মঙ্গলবার পালিত হবে বিশ্ব দুগ্ধ দিবস। ২০০১ সাল থেকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে দুধের উৎপাদন বেশ উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে ২০১৬-১৭ অর্থবছর থেকে। ওই অর্থবছরে আগের বছরের চেয়ে দুধের উৎপাদন প্রায় ২৭ শতাংশ বেড়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১৪ সালে ভারতে নরেন্দ্র মোদি সরকার দায়িত্ব নেওয়ার পর ওই দেশ থেকে গরু আসা মোটামুটি বন্ধ হয়ে যায়। এতে দেশে গরু পালনে উৎসাহ তৈরি হয়। পাশাপাশি গরুর পালন লাভজনকও হয়।
ইন্টারন্যাশনাল ফার্ম কমপারিজন নেটওয়ার্ক (আইএফসিএন) নামের একটি সংস্থা গত বছর জুনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশে যেভাবে দুধের উৎপাদন বাড়ছে, তাতে ২০৩০ সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা আসবে। সংস্থাটি গবাদিপশু পালন বাড়ানো, দুধ সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা ও প্রক্রিয়াজাতকরণে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছে।
অবশ্য প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মনে করেন, বাংলাদেশ আগামী পাঁচ বছরেই দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাত্র ৫ বছরের মধ্যে আমরা গবাদিপশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আশা করি দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতেও আমাদের ১০ বছর লাগবে না।’
গরু-ছাগলের সংখ্যা
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, দেশে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার সংখ্যা প্রায় ৫ কোটি ৫৯ লাখ। এর মধ্যে ২ কোটি ৪৪ লাখ গরু। বছর বছর সংখ্যাটি বাড়ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশন বলছে, দেশে বর্তমানে ৫টির বেশি গরু থাকা খামারের সংখ্যা প্রায় ১০ লাখ। এসব খামারের উদ্যোক্তাদের ৯০ শতাংশই কমপক্ষে স্নাতক (পাস কোর্স) পাস।
বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যসংখ্যা প্রায় ৯ হাজার। এঁদের বেশির ভাগ উচ্চশিক্ষিত। তাঁদের খামারে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের গাভি পালন করা হয়। অনেকে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে উন্নত জাতের গাভি নিয়ে আসছেন।
বাংলাদেশ ডেইরি ফারমারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমিতিতে প্রতিবছর কয়েক হাজার করে নতুন খামারি নিবন্ধিত হন। তাঁদের বেশির ভাগই উচ্চশিক্ষিত তরুণ। আমি নিজেও ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এ খাতে যুক্ত হয়েছি।’
সহায়তা করেছে সরকারি নীতি
দেশে উৎপাদন বাড়াতে সরকার নানাভাবে খামারিদের সহায়তা দিয়েছে। ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ার পর সরকার ২০১৬ সাল থেকে গবাদিপশু পালনে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া শুরু করে। কমানো হয়েছে গবাদিপশুর খাদ্যের উপকরণের শুল্ক-কর।
বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে গবাদিপশুর খামার তৈরিতে তরুণ উদ্যোক্তাদের ঋণ ও প্রযুক্তি সহায়তা দেওয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমদানি বন্ধের ফলে যে সংকট তৈরি হয়েছে আমরা তাকে সম্ভাবনা হিসেবে কাজে লাগিয়েছি।’
সমস্যাও রয়েছে
খামারিদের সবচেয়ে বড় সমস্যা দেশে মাংস ও দুধের জন্য গরুর ভালো জাতের অভাব। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো দেশে একটি গরু দিনে ১৫ থেকে ২০ লিটার দুধ দেয়। দেশি গরু গড়ে ২ লিটার দুধ দেয়। খামারে পালন করা গরুগুলো একটু বেশি দুধ দেয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফজলুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, উৎপাদন আরও বাড়াতে হলে দেশে আরও উন্নত জাতের গাভি নিয়ে আসতে হবে।
‘দাম কমাতে হবে’
সাধারণ মানুষের দুশ্চিন্তা দুধের দাম নিয়ে। দেশে ২০১৮ সালে এক লিটার পাস্তুরিত তরল দুধ ৬০ থেকে ৬৫ টাকা ছিল। এখন তা ৭০ থেকে ৭৫ টাকা। ওদিকে সাম্প্রতিককালে বিশ্ববাজারে ব্যাপকভাবে বেড়েছে গুঁড়া দুধের দাম। সরকার দেশীয় খামারিদের সুরক্ষা দিতে দুধ আমদানিতে শুল্কও বাড়িয়েছে।
রাজধানীর তালতলার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, দুই সন্তানকে দিনে ২ গ্লাস করে দুধ দিতে ৪০ টাকা ব্যয়। মাসে ১ হাজার ২০০ টাকা। একসময় গরুর মাংসের কেজি ২৮০ টাকা ছিল, এখন ৬০০ টাকা। তিনি বলেন, ‘দুধ-মাংসের দাম মানুষের নাগালে রাখতে হবে। মধ্যম আয়ের মানুষেরা হয়তো একটু কষ্ট করে হলেও সন্তানকে দুধ খাওয়াতে পারে। দরিদ্ররা তা-ও পারে না।’