খারাপ সময় পার করছে দেশীয় পোলট্রি খাত
কাঁচাবাজার থেকে ক্রেতারা সাধারণত যেই ব্রয়লার কিংবা লেয়ার মুরগিটা কেনেন সেটা বাজারে আসতে দুটি ধাপ পেরোতে হয়। প্রথমে মুরগির বাচ্চা উৎপাদনকারী খামারে এক দিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদন হয়। এরপর সেখান থেকে এক দিন বয়সী বাচ্চা কিনে আনা হয় লালনপালনকারী খামারে। এরপর এই খামারে ছয় মাস ধরে মুরগির বাচ্চাগুলোকে বড় করা হয়। এরপর মুরগিগুলোকে বাজারে বিক্রি করা হয়।মুরগির বাচ্চা উৎপাদনকারী খামারিদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে এক দিন বয়সী ৫০ লাখ ব্রয়লার ও তিন লাখ লেয়ার মুরগির বাচ্চা উৎপাদিত হয়। তবে গত বছরের সেপ্টেম্বরের আগে প্রতি সপ্তাহে ৯২ লাখ ব্রয়লার ও আট লাখ লেয়ার বাচ্চা উৎপাদিত হতো।গত সেপ্টেম্বরের পর থেকে খামারগুলোতে ডিমের উৎপাদনও কমেছে। সেপ্টেম্বরের আগে প্রতিদিন চার কোটি ডিম উৎপাদিত হলেও এখন হচ্ছে দুই কোটি। মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) নেতিবাচক প্রভাবে এই অবস্থা দেখা দেয়। বন্ধ হয়ে যায় হাজার হাজার খামার।জানা গেছে, সারা দেশে সব মিলিয়ে পোলট্রি খামার রয়েছে ৭০ হাজারের মতো। তবে ছয়-সাত মাস আগেও খামার ছিল এক লাখ ৩০ হাজার। তখন দেশের পোলট্রি খাতের বার্ষিক লেনদেন ছিল ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা।বিএবি বলছে, দেশের পোলট্রি খাত এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এতে ভিন্ন মাত্রা যুক্ত করে বিদেশি প্রতিষ্ঠানকে পোলট্রি খাতে কাজ করার অনুমতি দেওয়া। এতেও যখন দেশীয় খামারগুলো কোনোরকমে টিকে ছিল, তখনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) প্রকোপ দেশের পোলট্রি খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফলে এক খারাপ সময় পার করছে এখন দেশের পোলট্রি শিল্প।বিএবির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত এক বছরে পোলট্রি খামারিরা লোকসানের মধ্যে ডুবে গেছে। একের পর এক খামার বন্ধ হয়েছে। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের পোলট্রি খাতের লোকসান হয়েছে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা। যেখানে আমাদের বিনিয়োগ ৭০ হাজার কোটি টাকা।’খামারিরা বলছেন, ২০০০ সালের পর থেকে সরকার এ খাতে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দেয়। বর্তমানে আটটি প্রতিষ্ঠান দেশে কাজ করছে। তারা নিজের দেশের ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে ঋণ এনে এ দেশে ব্যবসা করছে। অথচ, দেশের খামারিদের ব্যাংক থেকে গড়ে ১৫-১৬ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। তাই এসব বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।উল্লেখ্য, বর্তমানে ৮০টি খামার ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য। আবার দেশ থেকে ভারত ও নেপালে স্বল্পপরিসরে ব্রয়লার মুরগি ও মাংস, বাচ্চা এবং মুরগির ডিম রপ্তানি শুরু হয়েছিল। কিন্তু ২০০৭ সালে বার্ড ফ্লু দেখা দেওয়ার পর থেকে রপ্তানি বন্ধ হয়ে যায়। খামারিরা বলছেন, সরকার যদি বার্ড ফ্লু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয় তাহলে আবার এসব রপ্তানি করা সম্ভব হবে। এ জন্য সরকারের পোলট্রি-সংক্রান্ত তদারক সেলের তদারকি আরও বাড়াতে হবে।