খালাস না হলে নিলামে বাংলাদেশি পণ্য

সিঙ্গাপুর বন্দর থেকে হানজিনের কনটেইনারে থাকা পণ্য খালাসের জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এরপর খালাস না হওয়া কনটেইনার বিক্রি করে দেবে সিঙ্গাপুর বন্দরের টার্মিনাল অপারেটর পিএসএ করপোরেশন লিমিটেড। নিজস্ব ওয়েবসাইটে গত সপ্তাহে একটি নোটিশে এমনটিই জানিয়ে দিয়েছে পিএসএ করপোরেশনের অপারেটরটি।
গত ৩১ আগস্ট দক্ষিণ কোরিয়ার আদালতে দেউলিয়াত্ব সুরক্ষা আবেদন করে ঋণের ভারে জর্জরিত হানজিন শিপিং কোম্পানি। ফলে মাশুল পাওয়ার অনিশ্চয়তা থেকে এই কোম্পানির জাহাজ জেটিতে ভেড়ানো ও কনটেইনার ওঠানো-নামানো থেকে বিরত থাকে বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষ। এতে শুধু সিঙ্গাপুর বন্দরে আটকা পড়ে বাংলাদেশি ব্যবসায়ীদের ৪ হাজার ১৩৭ একক কনটেইনার।
হানজিন শিপিংয়ের তথ্য অনুযায়ী, নানা জটিলতা শেষে গত মাসের মাঝামাঝি সময় থেকে আমদানিকারকেরা সিঙ্গাপুর বন্দরে হানজিনের কনটেইনার থেকে পণ্য সরিয়ে অন্য কোম্পানির কনটেইনারে করে চট্টগ্রামে পণ্য আনতে শুরু করেন। এ প্রক্রিয়া ব্যয়বহুল হওয়ায় অনেকে সরাসরি হানজিনের কনটেইনার বন্দরে নিয়ে আসার ব্যবস্থা করেন। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এসব কনটেইনার জাহাজ থেকে নামাতে না দেওয়ায় ৭৪ কনটেইনার ফেরত নেওয়া হয়।
হানজিনের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর বন্দরে এখন পর্যন্ত বাংলাদেশের পণ্যভর্তি কনটেইনার রয়েছে ৮১৫টি (প্রতিটি ২০ ফুট লম্বা হিসেবে)। এসব কনটেইনারে আনুমানিক শতাধিক কোটি টাকার পণ্য রয়েছে। এসব পণ্যের বড় অংশের মূল্যও পরিশোধ করেছেন আমদানিকারকেরা। গড়ে তিন মাস ধরে এসব কনটেইনার পড়ে আছে। তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের কনটেইনার পড়ে থাকায় সিঙ্গাপুর বন্দরে গ্রাহকদের সেবা দেওয়ার সুবিধার জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়।
আটকে থাকা পণ্যের মধ্যে জাপান এন্টারপ্রাইজের ২০ কনটেইনার ইস্পাত পণ্য রয়েছে। জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্ণধার আমির হোসেন নুর আলী গত শনিবার বলেন, নতুন এই সময়সীমার কারণে ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ তৈরি হলো। কারণ, হানজিনের কনটেইনার চট্টগ্রাম বন্দরে নামাতে দিচ্ছে না এখানকার কর্তৃপক্ষ। আবার এসব কনটেইনার অন্য কোম্পানির কনটেইনারে বোঝাই করে চট্টগ্রামে আনতে কনটেইনারপ্রতি তিন হাজার ডলার বাড়তি খরচ হবে। বন্দর হানজিনের কনটেইনার নামানোর সিদ্ধান্ত দিলে এই টাকা দেশের বাইরে যেত না।
হানজিন শিপিং সূত্রে জানা গেছে, আনোয়ার ইস্পাত, আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইউনিক পলি ইন্ডাস্ট্রিজ, নিট কনসার্ন, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ফকির অ্যাপারেলস, রাইজিং নিট টেক্সটাইল, ওরিয়ন নিট টেক্সটাইল, প্যারাগন পোলট্রি, প্রভিটা পোলট্রি ফিড, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজ, জাপান এন্টারপ্রাইজসহ বহু প্রতিষ্ঠানের পণ্য আটকে আছে।
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, হানজিনের কাছে বন্দরে পাওনার পরিমাণ বাড়ছে। তাদের দেড় হাজার কনটেইনার খালি অবস্থায় পড়ে থাকায় বন্দরে পরিচালন কার্যক্রমেও সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো আইনগতভাবে সমাধান হওয়ার দরকার। এ জন্য আইনগত দিক পর্যালোচনা করার আগে নতুন করে হানজিনের কনটেইনার নামানোর অনুমতি দেওয়া হচ্ছে না।