খালি কনটেইনার রাখার জায়গা বাড়ল বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল নিউমুরিং কনটেইনার ইয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত খালি কনটেইনার সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে গতকাল নিউমুরিং কনটেইনার ইয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত খালি কনটেইনার সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকায় গতকাল বুধবার খালি কনটেইনার রাখার নতুন একটি চত্বর (ইয়ার্ড) চালু করা হয়েছে। খালি কনটেইনারের জটে পড়ে অস্বাভাবিক দ্রুততায় মাত্র চার সপ্তাহে নতুন এই চত্বর নির্মাণ করল বন্দর। নতুন চত্বর নির্মাণের ফলে বন্দর চত্বরে খালি কনটেইনারের জট কিছুটা হলেও কমবে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল নতুন এই চত্বরের উদ্বোধন করেন। উদ্বোধনের আগে-পরে গতকালই বন্দরের অভ্যন্তর থেকে শতাধিক খালি কনটেইনার এই চত্বরে এনে রাখা হয়। খালি কনটেইনারের জটের কারণে বেশ কিছুদিন ধরে বন্দর থেকে ব্যবহারকারীদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছিল।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের কাছাকাছি ডক লেবার কলোনি এলাকায় নবনির্মিত ‘খালি কনটেইনার সংরক্ষণ ইয়ার্ড’ নামে এটি চালু করা হয়। ১ লাখ ৫৬ হাজার বর্গফুট আয়তনের এই চত্বরে প্রতি স্তরে ৬০০ থেকে ৭০০ একক কনটেইনার রাখা যাবে। তিন স্তরে সর্বনিম্ন ১ হাজার ৮০০ একক কনটেইনার রাখার সুযোগ আছে। এ চত্বর নির্মাণে ব্যয় হয় প্রায় আট কোটি টাকা।
গতকাল একই অনুষ্ঠানে খালি কনটেইনার ইয়ার্ডের পাশাপাশি ‘নিউমুরিং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড’ নামে আরেকটি চত্বরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বন্দর চেয়ারম্যান। এতে ৩৪ দশমিক ৫০ একর জায়গার ওপর চার স্তরে ২০ হাজার পণ্যভর্তি কনটেইনার রাখা যাবে। এক বছরের মধ্যে এই চত্বরের কাজ শেষ হবে বলে বক্তৃতায় আশা করেন বন্দর চেয়ারম্যান। এতে সম্ভাব্য ব্যয় হতে পারে ১৮০ কোটি টাকা।
খালেদ ইকবাল বলেন, ‘বন্দরে এখন ১৮ থেকে ২০ শতাংশ হারে পণ্য পরিবহন বাড়ছে। বিষয়টি মাথায় রেখে খালি কনটেইনার ইয়ার্ড চালু করা হয়েছে। ওভারফ্লো ইয়ার্ডটিও আগামী বছরের মাঝামাঝি চালু করা হবে। এ ছাড়া পতেঙ্গা রুবি সিমেন্ট এলাকায় গুপ্তা কনটেইনার টার্মিনালে নতুন একটি চত্বর তৈরির কাজ চলছে।
বন্দর কর্মকর্তারা জানান, কনটেইনার খুলে পণ্য খালাস নেওয়ার পর প্রতিদিন বন্দর চত্বরে অন্তত দুই হাজার কনটেইনার খালি হয়। এসব কনটেইনারে নতুন করে রপ্তানি পণ্য বোঝাইয়ের জন্য বেসরকারি ডিপোতে নেওয়া হয়। ভাড়া না পেলে খালি কনটেইনার জাহাজে তুলে বিদেশের বন্দরে পাঠানো হয়। এরপরও কনটেইনারে পণ্য আমদানির তুলনায় রপ্তানির হার কম থাকায় প্রায়ই খালি কনটেইনার জমতে থাকে বন্দর চত্বরে।
বন্দর তথ্যে দেখা যায়, রপ্তানির তুলনায় আমদানির হার বাড়তে থাকায় গত ১৮ মে থেকে বন্দর চত্বরে খালি কনটেইনারের সংখ্যা বাড়ছে। গতকাল ধারণক্ষমতার চেয়ে বাড়তি কনটেইনারের সংখ্যা ছিল তিন হাজার একক। এসব কনটেইনার রাখা হয়েছিল বন্দরের অভ্যন্তরে খোলা চত্বর ও রাস্তার আশপাশে। এতে বন্দরের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছিল। ঈদে কনটেইনার জটের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নিয়ে খালি কনটেইনার রাখার চত্বর নির্মাণ করে বন্দর।