খালি কনটেইনারে ভর করে প্রবৃদ্ধি!
পণ্যভর্তি কনটেইনারের চেয়ে খালি কনটেইনার পরিবহনের হার বেড়েছে চট্টগ্রাম বন্দরে। খালি কনটেইনার পরিবহনের সংখ্যা বাড়ার কারণে গত বছর কনটেইনার পরিবহনের হার প্রায় ১৭ শতাংশ বেড়েছে। বন্দরে কনটেইনার পরিবহনের হার বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
বন্দর সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২০ লাখ ২৪ হাজার ২০৭ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পরিবহন হয়। এর মধ্যে খালি কনটেইনারের সংখ্যা ছিল প্রায় ৫ লাখ। এ ছাড়া আমদানি পণ্যভর্তি ৯ লাখ ৯১ হাজার এবং রপ্তানি পণ্যভর্তি ৫ লাখ ৩৩ হাজার কনটেইনার পরিবহন হয়। ২০১৪ সালের কনটেইনার পরিবহনের সংখ্যা তুলনা করে দেখা যায়, খালি কনটেইনার পরিবহন বেড়েছে ৩১ শতাংশ। আমদানি ও রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বেড়েছে যথাক্রমে ১৮ দশমিক ৮৯ শতাংশ ও ৩ দশমিক ২৬ শতাংশ।
কনটেইনারে পণ্য পরিবহন সব সময় গুরুত্বের সঙ্গে দেখা হয়। কারণ, রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই পরিবহন হয় কনটেইনারে। আবার কনটেইনারে আমদানি পণ্যের বড় অংশই বিভিন্ন শিল্পের কাঁচামাল। এর বাইরে মানুষের ব্যবহার্য সামগ্রীও আনা হয় কনটেইনারে।
বন্দরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য পরিবহন কমে যাওয়ায় রপ্তানিতে পণ্য পরিবহনের হার খুব বেশি বাড়েনি। গত বছরের চেয়ে শুধু হিমায়িত খাদ্য রপ্তানি কমেছে প্রায় ৫০ হাজার টন। পাট ও পাটজাত পণ্য পরিবহন কমেছে এক লাখ টন।
অন্যদিকে তুলা, ফল, বাতিল লোহার টুকরো ও ইস্পাতজাতীয় পণ্য আমদানি বেড়েছে। আবার পদ্মা সেতুসহ বেশ কিছু বড় প্রকল্পের জন্য যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী আমদানি হচ্ছে। এর প্রভাব পড়েছে আমদানিতে।
বন্দরের তথ্যে দেখা যায়, পণ্য আমদানির চেয়ে রপ্তানি কম হওয়ার কারণে প্রতিবছর খালি কনটেইনার বিদেশে পাঠানো হয়। আবার ২০ ফুট লম্বা কনটেইনারে আমদানি হয় বেশি। রপ্তানি বেশি হয় ৪০ ফুট কনটেইনারে। গত কয়েক বছর গড়ে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কনটেইনারের কম-বেশি ২০-২১ শতাংশই ছিল খালি কনটেইনার। তবে গত বছর কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণে ব্যবধান ছিল বেশি। ফলে খালি কনটেইনারও বিদেশে পাঠাতে হয়েছে বেশি। বন্দরের পরিচালন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হওয়ায় গত বছর শুধু খালি কনটেইনার বিদেশে পাঠানোর জন্য আলাদা করে জাহাজ এনেছিল শিপিং কোম্পানিগুলো।