খালি কনটেইনারের বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে খালাসের পর সেই কনটেইনারে রপ্তানি পণ্য বোঝাই করে বিদেশে পাঠানো হয়। কিন্তু পণ্য আমদানি-রপ্তানি বৈষম্যের কারণে বিপুলসংখ্যক কনটেইনার খালি পড়ে থাকে। এসব খালি কনটেইনার রাখতে গিয়ে বন্দর ও বেসরকারি ডিপোগুলো এখন হিমশিম খাচ্ছে। আবার প্রতিবছর বিপুলসংখ্যক খালি কনটেইনার বিদেশে পাঠাতে হচ্ছে কনটেইনার মালিকপক্ষের প্রতিনিধিদের। বন্দর ও বেসরকারি ডিপোর কর্মকর্তারা বলছেন, বন্দরে সাম্প্রতিক সময়ে পরিচালন কর্মকাণ্ডে ধীরগতির কারণ এই খালি কনটেইনার। বন্দরে রাখার জায়গার চেয়ে প্রায়ই বেশি জমে যায় খালি কনটেইনার। আবার বেসরকারি ডিপোতেও ধারণ ক্ষমতার বেশি খালি কনটেইনারের জন্য পরিচালন কর্মকাণ্ডে সমস্যা হয়। বন্দর ও বেসরকারি ১৮টি ডিপোতে এখন নিয়মিত ৩৬ হাজারের বেশি খালি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পড়ে আছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খালি কনটেইনার বেশি পড়ে থাকলে পরিচালন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে। এ জন্য ধারণ ক্ষমতার চেয়ে বেশি হলেই খালি কনটেইনার জাহাজীকরণ করে বা বেসরকারি ডিপোতে অপসারণ করার তাগিদ দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের নিয়ে গঠিত বন্দরের একটি তদারকি কমিটি এসব পদক্ষেপ নিচ্ছে।বন্দর সূত্রে জানা গেছে, গত বছর বন্দর দিয়ে মোট কনটেইনার পরিবহন হয়েছে ১৪ লাখ ৬৮ হাজার ৭১৩টি। এর মধ্যে খালি কনটেইনার ছিল প্রায় সাড়ে ২৮ শতাংশ বা তিন লাখ ২৬ হাজার ১৪২টি। এসব খালি কনটেইনারের সিংহভাগ বা দুই লাখ ৮০ হাজার ৩৬১টি বিদেশি বন্দরে পাঠানো হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, বন্দর চত্বরে কনটেইনার খুলে আমদানি পণ্য খালাস করেন আমদানিকারকেরা। এরপর খালি কনটেইনারটি পণ্য পরিবহনের জন্য ভাড়া পাওয়া গেলে বেসরকারি ডিপোতে নিয়ে পণ্য বোঝাই করে রপ্তানি হয়। আবার রপ্তানি পণ্য পরিবহনের জন্য ভাড়া পাওয়ার অপেক্ষায় বন্দর বা ডিপোতে ফেলে রাখে বিদেশি কনটেইনার মালিকপক্ষের প্রতিনিধিরা। এই অপেক্ষার কারণেই বন্দর এবং ডিপোতে কম-বেশি ৩৬-৪০ হাজার কনটেইনার নিয়মিত পড়ে থাকছে। জানতে চাইলে বেসরকারি ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ‘বিদেশি বন্দরের তুলনায় বেসরকারি ডিপোতে খালি কনটেইনার রাখার ভাড়া অনেক কম। ডিপোগুলোতে খালি কনটেইনার রাখা লাভজনক না হলেও না রেখে উপায় নেই।’ বেসরকারি ডিপো মালিক সমিতির তথ্যানুযায়ী, চট্টগ্রামের ১৮টি ডিপোতে প্রায় ৪০ হাজার খালি কনটেইনার রাখার জায়গা আছে। এর বেশি হলে এসব ডিপোগুলোতেও পরিচালন কর্মকাণ্ডে সমস্যা তৈরি হবে। ডিপোগুলোতে মূলত রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করা হয়। এরপর বন্দর দিয়ে জাহাজীকরণ হয়। এ ছাড়া কনটেইনারভর্তি নির্দিষ্ট ২৯ ধরনের আমদানি পণ্য খালাস হয়।কিউসি শিপিং লাইনসের নির্বাহী পরিচালক স্বপন ঘোষ বলেন, আমদানি-রপ্তানি বৈষম্যের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক খালি কনটেইনার বিদেশি বন্দরগুলোতে পাঠাতে হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনারের ভাড়া বেশি। এ কারণে বন্দরে পণ্য খালাসের পর খালি কনটেইনার বেসরকারি ডিপোতে নিয়ে রাখতে চায় সবাই। কিন্তু ডিপোগুলো পরিবহন করতে না পারায় খালি হওয়ার পর সব কনটেইনার নেওয়া সম্ভব হচ্ছে না।