অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান
খুঁজে খুঁজে চাকরি থেকে সরাব না
কাউকে খুঁজে খুঁজে চাকরি থেকে সরানো হবে না বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান। তবে তিনি এ-ও বলেছেন, কারও সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ব্যাংকের পরিচালনা পর্ষদ বরদাশত করবে না। কারণ, ব্যাংকটি পেশাগতভাবে (প্রফেশনালি) চলছে বলে দেখতে চায় পর্ষদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আরাস্তু খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিঞা এ সময় উপস্থিত ছিলেন।
আরাস্তু খান বলেন, ‘অতীত ইতিহাস ঘেঁটে আমরা কাউকে ইসলামী ব্যাংকের চাকরি থেকে সরাব না। আশ্বস্ত করছি যে কারও চাকরি খাওয়ার ইচ্ছা আমাদের নেই। কিন্তু যদি দেখা যায় কোনো না কোনোভাবে কেউ রাজনৈতিকভাবে সম্পৃক্ত, সেটা আমরা বরদাশত করব না।’
ইসলামী ব্যাংকের পর্ষদে গত বৃহস্পতিবার পরিবর্তন আসে এবং ওই দিন থেকে ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে কাজ করছেন আরাস্তু খান।
ব্যাংককর্মীদের রাজনৈতিক বিষয়-আশয় থেকে দূরে থেকে পেশাগত কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে চেয়ারম্যান বলেন, ‘আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, আওয়ামী লীগকে ভোট দিতে পারেন। কিন্তু ব্যাংকে যেন এর কোনো প্রতিফলন না থাকে।’
একটি উদাহরণ দিয়ে আরাস্তু খান বলেন, ‘আপনি একটা ফাউন্ডেশনকে টাকা দিচ্ছেন। ওখান থেকে টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়। এগুলো মানা যায় না। ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। ফলে ঠিকঠাক দায়িত্ব পালন করলে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
রাজনৈতিক লোকদের চিহ্নিত করা হয়েছে কি না জানতে চাইলে আরাস্তু খান বলেন, ‘না। আমরা এগুলো পছন্দ করি না।’
দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পর্যায়েও রদবদল হয়েছে। এ প্রসঙ্গে আরাস্তু খান বলেন, খুবই স্বাভাবিক রদবদল। জানুয়ারি মাসে এটা হয়ই এবং এতে তাঁরা খুশি।
ইসলামী ব্যাংক গত বছর ২ হাজার ৩ কোটি টাকা মুনাফা করেছে জানিয়ে আরাস্তু খান ব্যাংকের কয়েকটি ইতিবাচক নির্দেশক তুলে ধরেন। তিনি জানান, দেশের ২৭ শতাংশ রেমিট্যান্স (প্রবাসী আয়) আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া খেলাপি ঋণের হার মাত্র সাড়ে ৩ শতাংশ এবং আমানত-বিনিয়োগের হার ৮৮ শতাংশ। অর্থমন্ত্রী এ তথ্যগুলো জেনে সন্তোষ প্রকাশ করেছেন।
সরকারি বড় প্রকল্পে বিনিয়োগে ইসলামী ব্যাংক ভূমিকা রাখতে চান বলে জানান আরাস্তু খান। তিনি বলেন, বিনিয়োগকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৮ শতাংশ থেকে ৩৪ শতাংশে উন্নীত করতে হবে। ঘাটতি পূরণে চীনসহ বিভিন্ন দেশ থেকে অর্থ ধার করা হয়। নিজেদের উৎস থেকে ঋণ নিতে পারলে তা দেশের জন্যই ভালো।
দেশি-বিদেশি অনেকেরই আমানত রয়েছে ইসলামী ব্যাংকে এবং এ আমানত রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন আরাস্তু খান।
অর্থমন্ত্রীর সঙ্গে আর কী আলোচনা হলো—জানতে চাইলে আরাস্তু খান বলেন, ‘অর্থমন্ত্রীই আপনাদের ব্রিফ করবেন।’ যদিও অর্থমন্ত্রী পরে আর কোনো ব্রিফ করেননি।