খুচরা পর্যায়ে মূসক দেওয়ার হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকন্ডিশন্ড (একবার ব্যবহৃত) গাড়ির ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর বা মূসক দেওয়ার হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। প্রয়োজনে অগ্রিম মূসক (এটিভি) হার ১ শতাংশ বৃদ্ধি করে খুচরা পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাবও করেন তাঁরা।


রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার আয়োজিত মূসক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ী এসব কথা বলেন। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ।

বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘আজকের যুগে কেন চারটি ফরম পূরণ করে মূসক রিটার্ন দিতে হবে? আমরা বলছি, সব ব্যবসা খুচরা পর্যায়ে ভ্যাট দেব। তবে সেটি যেন অবশ্যই ব্যবসাবান্ধব পরিবেশে হয়। হয়রানিমুক্ত হয়।’

কর্মশালায় উপস্থিত ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রিকন্ডিশন্ড গাড়ি আমদানির সময় গাড়ির প্রকৃত মূল্য ও সম্পূরক, নিয়ন্ত্রণ মূলকসহ বিভিন্ন শুল্কের ওপর ১৫ শতাংশ হারে মূসক দিতে হয়। তারপর বন্দর থেকে গাড়ি বিক্রয়কেন্দ্রে আনা এবং গাড়িতে ব্যাটারি, কাভার ইত্যাদি সংযোজন ও মুনাফার ওপর সব মিলিয়ে আবারও ১৫ শতাংশ মূসক দিতে হয়। তবে অধিকাংশ ব্যবসায়ী সেটি দেন না। এ জন্য এনবিআর ২০০৩-০৪ অর্থবছরে গাড়ির প্রকৃত দামের ২৬ দশমিক ৬৭ শতাংশ মূল্য সংযোজন (বন্দর থেকে বিক্রয়কেন্দ্র পর্যন্ত) হবে ধরে ৪ শতাংশ অগ্রিম মূসক দেওয়া আমদানি পর্যায়েই বাধ্যতামূলক করে। যা কিনা পরে ব্যবসায়ীরা মূসক রিটার্ন দিলে সমন্বয় করার বিধান আছে।

তবে শহীদুল ইসলাম নামে বারভিডার এক সদস্য বলেন, ‘গত ২৫ বছর ধরে ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে মূসক দেননি। সে জন্য মামলা মোকদ্দমা নানা হয়রানি হচ্ছে। এনবিআর যদি গাড়ির বিক্রয় পর্যায়ের মূসকের পরিবর্তে ৩ হাজার বা ৫ হাজার টাকা শুল্ক নির্ধারণ করে দেয় তাহলে বছরে দেড় হাজার কোটি টাকা রাজস্ব পাবে সরকার।’

অবশ্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই মাসে নতুন মূসক আইন কার্যকর হবে। এতে মূসকের রিটার্ন জমা না দিলে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। রিটার্ন জমা না দিলে তাদের মূসক রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তরের কমিশনার মাসুদ সাদিক বলেন, নতুন মূসক আইনে শুল্ক নির্ধারণের কোনো সুযোগ নেই।

তার আগে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘আমরা সারা দেশে রাজস্ববান্ধব পরিবেশ তৈরি করতে চাই।’ তিনি কর্মশালায় ওঠে আসা প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন।