খুচরা বাজারেও দাম কমেছে পেঁয়াজের
ভোক্তাদের নাকানি-চুবানি খাওয়ানো পেঁয়াজের দাম এখন কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দুদিন ধরেই পেঁয়াজের দাম কমছে। গতকাল দাম কমেছে খুচরা বাজারেও। প্রতি কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।
রাজধানীর খুচরা বাজারগুলোতে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। এক দিন আগেও দেশি পেঁয়াজ ৮০ থেকে ৯০ এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। এর পাশাপাশি পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, পেঁয়াজ আমদানিতে এখন থেকে সহজ শর্তে ঋণ পাবেন আমদানিকারকেরা। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে যে পেঁয়াজ আমদানিতে দেওয়া ঋণে কোনো অবস্থাতেই ১১ শতাংশের বেশি সুদ আদায় করা যাবে না।
দেশের সবগুলো তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। এতে ভোক্তাপর্যায়ে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে দেশীয় বাজারে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি রোধ করতে আমদানি পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজের আমদানি ঋণপত্রের (এলসি) মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারের আমদানিকারকেরা বলছেন, পেঁয়াজ আমদানিতে আগে ১৬ থেকে ১৭ শতাংশ ঋণের সুদ দিতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে পেঁয়াজ আমদানিতে সুফল মিলবে। তাঁরা বলছেন, ১১ শতাংশ সুদের এ ঋণ এখনই কার্যকর হলে কোরবানি ঈদের জন্য আমদানি করা পেঁয়াজ কম দামে বিক্রি করা সম্ভব হবে।