
ভারতের নতুন সরকার খুচরা পর্যায়ে পণ্য বিক্রি খাতে আপাতত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নেবে না।
বিজেপি সরকারের শিল্প, বাণিজ্য ও অর্থ প্রতিমন্ত্রী নির্মলা সীতারমন মনে করেন, আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলোকে খুচরা ব্যবসা করার সুযোগ দেওয়া হলে তা দেশীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃষকদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
মন্ত্রণালয়ে বসার প্রথম দিনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে নির্মলা সীতারমন বলেন, এই খাত সম্ভবত বিদেশি খুচরা বিক্রেতাদের জন্য খুলে দেওয়ার উপযুক্ত সময় নয়। কারণ, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এখনো এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো অবস্থায় আসেননি।
ভারতের বর্তমান নীতিমালায় আন্তর্জাতিক খুচরা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫১ শতাংশ এফডিআই নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে। বিষয়টি বাদ দেওয়া হবে কি না, সেটি অবশ্য তিনি খোলাসা করে বলেননি। তবে কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানান।
প্রসঙ্গত, বিজেপির নির্বাচনী ইশতেহারে খুচরা বিক্রি খাতে এফডিআই নিরুৎসাহিত করা হয়েছে। প্রথম কার্যদিবসে সেটিই নিশ্চিত করলেন নতুন শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী। ইশতেহারে অবকাঠামো, প্রযুক্তি, কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টিকারী খাতগুলোতেই কেবল এফডিআই নেওয়ার কথা বলেছে দলটি।
ভারতের সদ্যবিদায়ী কংগ্রেস সরকার অবশ্য খুচরা বিক্রি খাতে যুক্তরাজ্যভিত্তিক টেসকোকে বিনিয়োগের অনুমতি দেয়৷ সূত্র: বিজনেস লাইন, ইকোনমিক টাইমস ও ডেকান হেরাল্ড।