খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের নির্দেশ
ফরিদপুরে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে দ্রুত চালের দাম নির্ধারণের জন্য পাইকারি ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চালের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে গতকাল সোমবার জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ নির্দেশনা দেন। বৈঠকে পাইকারি বিক্রেতারা জানান, তাঁরা কুষ্টিয়ার খাজানগর, যশোরের চৌগাছা ও শেরপুরের বিভিন্ন মোকাম থেকে চাল কিনে আনেন। সেখানে দর বেড়ে যাওয়ায় ফরিদপুরের বাজারেও চাল বেশি দামে বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা কেজিপ্রতি এক টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে চাল বিক্রি করেন। আর খুচরা বিক্রেতারা প্রতি কেজিতে আড়াই থেকে তিন টাকা লাভ করেন। এর প্রভাব পড়েছে বাজারে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, জেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, চকবাজার বণিক সমিতির সভাপতি জয় গোবিন্দ সাহা, সহসভাপতি শামসুল আলম পাইকারি চাল বিক্রেতা উপস্থিত ছিলেন।