বাস্তবতা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের
খুচরা ব্যবসায়ীরা ১০ শতাংশের বেশি মুনাফা করতে পারবেন না
নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ব্যবসায়ীরা ১০ শতাংশের বেশি মুনাফা করতে পারবেন না। আজ বুধবার থেকেই তা কার্যকর হবে। মূলত রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।সচিবালয়ে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় গতকালই ব্যবসায়ীদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এভাবে মুনাফার সীমা নির্ধারণ করার বাস্তবতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, কিসের ভিত্তিতে এই সীমা নির্ধারণ করা হলো আর কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, তা বোধগম্য নয়; বরং এভাবে মুনাফার সীমা নির্ধারণ বাজারে ভুল বার্তা দিতে পারে।অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মূর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী, ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান আবদুল কাইয়ুম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, শ্যামবাজার কৃষিপণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল, বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি নিজামউদ্দিন, আদা-রসুন আমদানিকারক মো. মাজেদ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মূর্তজা রেজা চৌধুরী সাংবাদিকদের জানান, ‘আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ১ শতাংশ ও খুচরা ব্যবসায়ীরা ১০ শতাংশের বেশি মুনাফা করতে পারবেন না। তবে সিদ্ধান্তটি বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেয়নি। ব্যবসায়ীরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা চাই, তা যেন রক্ষা হয়।’মূর্তজা রেজা বলেন, ‘এখন থেকে পাকা রসিদ ব্যবহার এবং মেট্রিক পদ্ধতির মাপে পণ্য কেনাবেচা করতে হবে। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের কাছে রসিদ থাকতে হবে এবং প্রতিটি দোকানে বাধ্যতামূলকভাবে টাঙিয়ে রাখতে হবে পণ্যের দামের তালিকা।’ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, হলুদ, মসলা ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে বৈঠকে জানানো হয়।মূর্তজা রেজা বলেন, এসব সিদ্ধান্ত কেউ না মানলে তাঁর বিরুদ্ধে জরিমানাসহ আইনানুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে ১৪টি দল মাঠে থাকবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত বাণিজ্যসচিব বলেন, খুচরা ব্যবসায়ীরা কম পরিমাণে পণ্য কেনাবেচা করেন, তাই তাঁদের মুনাফার সীমা বেশি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা থাকবে, সেসব পণ্য ওই দামেই বিক্রি করতে হবে।মূর্তজা রেজা চৌধুরী বলেন, খাতুনগঞ্জ ও মৌলভীবাজারের ব্যবসায়ীরা এখনো বিভিন্ন পণ্য মণ হিসাবে বিক্রি করেন। এখন থেকে তাঁদের মেট্রিক পদ্ধতি অর্থাৎ কেজি ও লিটারের মাপে পণ্য বিক্রি করতে হবে। এ বিষয়টি তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিএসটিআইকে চিঠি দেওয়া হবে।