খুদেবার্তা সেবা দিতে এয়ারটেলের সঙ্গে কমভিভার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত ও ঝামেলামুক্ত উপায়ে গ্রাহকদের খুদেবার্তা সরবরাহে বিশ্বখ্যাত মুঠোফোন কারিগরি সমাধান সরবরাহকারী কমভিভার সঙ্গে চুক্তি করেছে মুঠোফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।এ চুক্তির ফলে কমভিভা এখন এয়ারটেল গ্রাহকদের আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি), শর্ট মেসেজ সার্ভিস সেন্টার (এসএমএসসি) এবং বিএমজি (বাল্ক মেসেজিং গেটওয়ে) সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে।গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের এয়ারটেলের কার্যালয়ে এ সম্পর্কিত চুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, কমভিভার ইউএসএসডি সেবার মাধ্যমে এয়ারটেলের খরচ অনেক কমে যাবে। সিঙ্গেল উইনডো ওয়েবের মাধ্যমে সব ধরনের সেবা তৈরি ও নিয়ন্ত্রণ সম্ভব। এসএমএসসির মাধ্যমে খুদেবার্তা সেবার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। যেমন, প্রচুর ট্রাফিকের সময়েও দ্রুত এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া এয়ারটেল গ্রাহকদের এসএমএস আপলোড, এসএমএস স্টোরেজ, এসএমএস ফরওয়ার্ড, এসএমএস কপি, ই-মেইল নোটিফিকেশন প্রভৃতি সেবাও দিতে পারবে। বিএমজি ব্যবস্থাপনার মাধ্যমে এয়ারটেল যেকোনো এসএমএস নিয়ন্ত্রণ করতে পারবে। এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট বলেন, ‘এসএমএস সেবার দ্রুত উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন ছিল স্বল্প খরচে এর ব্যবস্থাপনার উন্নয়ন। তাই কমভিভার সাহায্যে বর্তমান নেটওয়ার্ক অবকাঠামোর সঠিক ব্যবহার ও আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে চাই।’কমভিভার সিইও মনোরঞ্জন মহাপাত্র বলেন, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ যখন তথ্য একবারে হাতের নাগালে পাচ্ছেন, তখন ইউএসএসডি ও এসএমএসের সাহায্যে সেবার মান উন্নয়ন এবং অ্যাপলিকেশনের পরিমাণ বাড়ানোর এটাই সঠিক সময়।