খুলনা চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচন
কাজী আমিনুল হক খুলনা চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি খুলনা চেম্বার ও সিটি করপোরেশনের সাবেক মেয়র। চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে কাজী শাহনেওয়াজ ও মো. শাহাদাত হোসেন।গত মঙ্গলবার তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত সোমবার খুলনা চেম্বারের পরিচালক পদে নির্বাচন হয়। এতে কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ শ্রেণীর ১২টি পদের মধ্যে ১০টি ও সহযোগী শ্রেণীর ছয়টি পদের মধ্যে দুটিতে জয়ী হয়। অপরদিকে ব্যবসায়ী কল্যাণ পরিষদ সাধারণ শ্রেণীতে দুটি ও সমমনা ব্যবসায়ী পরিষদ সহযোগী শ্রেণীতে চারটি জয়লাভ করে। এর আগে বাণিজ্যিক কোটায় দুটি পদে কাজী আমিনুল হকসহ দুজন নির্বাচিত হন।চেম্বারের সাধারণ শ্রেণীর পরিচালক পদে ব্যবসায়ী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন: শরীফ আতিয়ার রহমান, এস এম ওবায়দুল্লাহ, রকিবুল জাহিদ, এস এম নুরুল হুদা, আবদুল বাসার পাটওয়ারী, মো. মোস্তফা কামাল পাশা, তোফাজ্জেল হোসেন ও এম এ মতিন। অপর দুটি পদে নির্বাচিত হন ব্যবসায়ী কল্যাণ পরিষদের এমদাদুল হক খালাসী ও ওমর ফারুক।এ ছাড়া সহযোগী শ্রেণীতে সমমনা ব্যবসায়ী পরিষদের চারজন বিজয়ী হন। তাঁরা হলেন কাজী হাফিজুর রহমান, শেখ গাউছুল আজম, মো. আলী আকবর ও এস এম খালিদ হোসেন। এই শ্রেণীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে বিজয়ী দুজন হলেন মো. আমিনুল ইসলাম ও মোস্তফা জেসান।