খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শেষ হয়েছে শনিবার। তবে গতকাল রোববারও অনেক প্রার্থীকে নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। তাঁরা ভোটারদের কাছে ছুটে গেছেন, আলোচনা-সমালোচনা করেছেন।এদিকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে সাধারণ ব্যবসায়ীদের একাংশ জানায়, গত কয়েকটি নির্বাচনের মতো এবারও খুলনা চেম্বারের নির্বাচনে কোনো প্যানেল নিরঙ্কুশ বিজয় পাবে না বলে ধারণা করা যাচ্ছে। কেউ কেউ বলছেন, উল্লেখযোগ্য সংখ্যক পুরোনো ভোটারের বাদ পড়া এবং প্রায় ২৫ শতাংশ নতুন ভোটার যোগ হওয়ার ঘটনায় নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। নির্বাচনে নীরব বিপ্লবের সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ। চেম্বার সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সাধারণ ও সহযোগী শ্রেণীর ৫৮৬ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। অন্যদিকে নতুন ভোটার হয়েছেন তিন শতাধিক।খুলনা চেম্বারের এবারের নির্বাচনে সাধারণ শ্রেণীতে এক হাজার ১০৩ ও সহযোগী শ্রেণীতে ৮৮৩ জন ভোটার হয়েছেন।এবারে খুলনা চেম্বারের নির্বাচনে ১৮টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলো হচ্ছে— ব্যবসায়ী ঐক্য পরিষদ, সমমনা ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ। এর মধ্যে চেম্বারের সাবেক সভাপতি কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে (১৮টি পদ) প্রতিদ্বন্দ্বিতা করছে। আর খুলনা ব্যবসায়ী কল্যাণ পরিষদ সাধারণ শ্রেণীর ১০ জন ও সমমনা ব্যবসায়ী পরিষদ সহযোগী শ্রেণীতে ছয়জন প্রার্থী দিয়েছে।ব্যবসায়ী কল্যাণ পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী মো. হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটাররা আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। অতীতে যেসব নেতা পরস্পরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করেছেন, এবার তাঁরা নিজেদের স্বার্থেই এক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভোটাররা এবার নীরব বিপ্লব ঘটাবেন বলে তিনি উল্লেখ করেন।ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কিছু অব্যবসায়ী বিগত দিনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকায় তখন প্রকৃত ব্যবসায়ীরা নির্বাচনে জিতেও চেম্বারে অনেক সময়ই আধিপত্য বিস্তার করতে পারেননি। সে জন্য এবার তাঁদের পুরো প্যানেলকে নতুন ভোটাররা জয়যুক্ত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্রার্থী মফিদুল ইসলাম জানান, চেম্বারের এবারের নির্বাচনে বিজয়ী হলে তাঁরা খুলনায় স্বতন্ত্র শেয়ার মার্কেট চালু, ব্যবসায়ীদের ক্ষুদ্রঋণ প্রদান এবং রেলওয়ের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের অবসানে উদ্যোগ নেবেন।