মেয়াদোত্তীর্ণ খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে।চেম্বার সূত্রে জানা গেছে, মো. জাফর ইমামকে চেয়ারম্যান এবং মকবুল হোসেন ও মো. ইসরাইল হোসেনকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া মনিরুল হুদাকে চেয়ারম্যান এবং খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান ও এম এম মুজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে।বাণিজ্য সংগঠনের নিয়মানুযায়ী, দুই বছর পরপর খুলনা চেম্বারের নির্বাচন হওয়ার কথা। ২০০৭ সালের নির্বাচিত পরিষদের মেয়াদ ২০০৯ সালে শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন না করায় সরকার ২০০৯ সালের ৯ ডিসেম্বর নির্বাচিত চেম্বার সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকে সরিয়ে প্রশাসক নিয়োগ করে। কিন্তু সাহারুজ্জামান মোর্ত্তজা সরকারি নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে উচ্চ আদালত সরকারি সিদ্ধান্ত চার মাসের জন্য স্থগিত করেন। এর পরপরই চলতি বছরের ৯ এপ্রিল চেম্বারের পরিচালনা পর্যদ চেম্বার নির্বাচনের জন্য নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড গঠন করে। সেই অনুযায়ী নির্বাচনী বোর্ড ২৮ আগস্ট নির্বাচন করার লক্ষ্যে তফসিলও ঘোষণা করে। কিন্তু ১৬ মে সরকার মেয়াদোত্তীর্ণ খুলনা চেম্বারের সভাপতিকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকারকে চেম্বারের প্রশাসক নিয়োগ করে।চেম্বারের দায়িত্ব নিয়েই প্রশাসক বিগত দিনে প্রতিষ্ঠানটির অনিয়ম তদন্তে নামেন। গত ২৪ আগস্ট নানা ধরনের ক্রটির কারণে ৩২৭টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়। এ ছাড়া চলমান সদস্যপদ নবায়ন ও প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।খুলনা চেম্বারের সচিব শেখ ফজলুল হক বলেন, চেম্বারে প্রশাসক নিয়োগের পরই দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজ করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই চেম্বারের নির্বাচন হবে।খুলনা চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার প্রথম আলোকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সময় বেঁধে দেওয়া হয়েছে। সেভাবেই কাজ চলছে।তিনি আরও জানান, নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করবেন। তবে মন্ত্রণালয় থেকে কোনো কারণে সময় না বাড়ালে ২৫ ডিসেম্বরের মধ্যেই খুলনা চেম্বারের নির্বাচন সম্পন্ন হবে।