খুলনা চেম্বারের নির্বাচন হবে ১৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এবার দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।কার্যনির্বাহী পর্ষদের ২১টি পদের মধ্যে সাধারণ সদস্য শ্রেণীর ১২টি ও সহযোগী শ্রেণীর ছয়টিতে নির্বাচন হচ্ছে। বাণিজ্যিক শ্রেণীর তিনটি পদে ইতিমধ্যে তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার ভোটার হয়েছেন দুই হাজার ১৬ জন। জানা গেছে, এ নির্বাচনে সাধারণ শ্রেণীর ১২টি পদের বিপরীতে ১৯ জন এবং সহযোগী ছয়টি পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ শ্রেণীর ১২টি ও সহযোগী শ্রেণীর ছয়টির সব কটি পদেই প্রার্থী দিয়েছে। তবে ব্যবসায়ী সমন্বয় পরিষদ সাধারণ শ্রেণীতে সাতজন ও সহযোগী শ্রেণীতে তিনজন প্রার্থী দিয়েছে।চেম্বারের বর্তমান সভাপতি কাজী আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘ভুয়া ভোটারমুক্ত এই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একসময় অসংখ্য ভুয়া ভোটার করা হয়েছিল। সেগুলো যাচাই-বাছাই করে বাদ দেওয়া হয়েছে।’চেম্বারের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্তুজা বলেন, ‘এবারের নির্বাচন খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। নির্বাচন হবে একতরফা। বর্তমান সভাপতির সমর্থনপুষ্টরাই নির্বাচিত হবেন।’