খুলনা চেম্বারের নির্বাচনে জমজমাট প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রার্থীরা দেশের দক্ষিণাঞ্চলের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।খুলনা চেম্বারের এবারের নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ, সমমনা ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ নামের তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে চেম্বারের সাবেক সভাপতি কাজী আমিনুল হকের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে (১৮টি পদ) প্রতিদ্বন্দ্বিতা করছে।ব্যবসায়ী ঐক্য পরিষদ ইতিমধ্যে ১৩ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। এতে মংলা বন্দরকে আধুনিকায়ন ও গতিশীল করা, খুলনায় পাইপ লাইনে দ্রুত গ্যাস সরবরাহ ও আন্তর্জাতিকমানের একটি ওয়ার্ল্ড সেন্টার নির্মাণ, চেম্বারের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন, চেম্বার ভবনের সংস্কার করে আয় বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ওপর অযৌক্তিকভাবে ভ্যাট ও কর নির্ধারণের প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থাগ্রহণের অঙ্গীকার করা হয়েছে।অন্যদিকে খুলনা ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ব্যবসায়ীদের সব ধরনের স্বার্থ সংরক্ষণ এবং খুলনার অর্থনীতিকে সমৃদ্ধশালী ও গতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছেন।ব্যবসায়ী-ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, খুলনা চেম্বার একটি অরাজনৈতিক সংগঠন হলেও এর নেতৃত্ব নির্বাচন ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সব সময়ই রাজনৈতিক প্রভাব কাজ করে। বিশেষ করে যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে, তখন তাদের সমর্থিত নেতারাই শক্তিশালী হয়ে ওঠেন।এবারের নির্বাচনেও দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির নেপথ্য ভূমিকা রয়েছে বলে ব্যবসায়ীরা মনে করেন।চেম্বার সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৮টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী হন। এর মধ্যে সাধারণ শ্রেণীর ১২টি পদের বিপরীতে ২২ জন ও সহযোগী শ্রেণীর ছয়টি পদের জন্য ১২ জন লড়ছেন। এতে খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ শ্রেণীর ১২টি ও সহযোগী শ্রেণীর ছয়টির সব কটিতেই প্রার্থী দেয়। আর খুলনা ব্যবসায়ী কল্যাণ পরিষদ সাধারণ শ্রেণীর ১০টিতে এবং সমমনা ব্যবসায়ী পরিষদ সহযোগী শ্রেণীর ছয়টি পদে প্রার্থী দেয়।খুলনা চেম্বারের এবারের নির্বাচনে সাধারণ শ্রেণীতে এক হাজার ১০৩ জন এবং সহযোগী শ্রেণীতে ৮৮৩ জন ভোটার হয়েছেন।