খুলনা থেকে ৩৩২৪ কোটি টাকার চিংড়ি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ২০১২-১৩ অর্থবছরের শুরু থেকে চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ১৬ মাসে খুলনা থেকে তিন হাজার ৩২৪ কোটি ৬০ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয়েছে।
এর মধ্যে আগের অর্থবছরে দুই হাজার ২৪৪ কোটি টাকার ও চলতি অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ৮০ কোটি ১০ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয়েছে বলে জানান খুলনা বিভাগীয় মৎস্য মান নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক আবদুর রশিদ।
স্থানীয় রপ্তানিকারকেরা জানান, এ অঞ্চলের চিংড়ির মান ভালো হওয়ায় বিদেশি ক্রেতারা আগের থেকে খুলনায় বেশি আসছেন। সে জন্য রপ্তানিও বাড়ছে।
আবদুর রশিদ জানান, দক্ষিণ জনপদের চিংড়িঘেরগুলোতে চলতি ২০১৩-১৪ বছরে রোগবালাই কম হওয়ায় উৎপাদন বেড়েছে। প্রথম চার মাস জুলাই-অক্টোবরে মোট ১৪ হাজার ১৮০ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। এর মধ্যে গলদা ৩৫৫ দশমিক ৭১ মেট্রিক টন, বাগদা ১২ হাজার ৮৩৪ মেট্রিক টন ও অন্যান্য চিংড়ি ১৬৩ মেট্রিক টন উৎপাদন হয়েছে।
আর সাদা মাছ উৎপাদন হয়েছে প্রায় ৩৭৭ মেট্রিক টন। এ ছাড়া চিংড়ির খোসা ও মাছের আঁশ আহরণ হয়েছে ৪৫০ মেট্রিক টন।
জেলা মৎস্য অফিস সূত্রমতে, খুলনার কৃষকেরা ধরনের ফসলের পাশাপাশি ব্যাপকহারে মাছও চাষ করেন। এর মধ্যে নিচু এলাকা খ্যাত পাইকগাছা, কয়রা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় সারা বছর আর ডুমুরিয়া, তেরখাদা, দিঘলিয়াসহ কয়েকটি উঁচু এলাকায় মৌসুম ভেদে মাছের চাষ হয়ে থাকে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার বলেন, মাছ উৎপাদন বাড়াতে এ বছর চাষিদের ভাইরাস প্রতিরোধে সচেতন করে তোলা এবং প্রশিক্ষণ প্রদান ও সার্বক্ষণিক তদারকিসহ বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এতে উৎপাদন বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ অঞ্চলের চিংড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো, খুলনার পরিচালক মনোরঞ্জন বিশ্বাস সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক প্রতিবেদনে জানান, ১৯টি দেশে খুলনার চিংড়ি রপ্তানি হচ্ছে।