খুলনা পাওয়ারের এক লেনদেন বদলে দিল বাজারের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লক মার্কেটে খুলনা পাওয়ারের একটি মাত্র লেনদেনে গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন চিত্রই পাল্টে দিল। হঠাৎ করে গতকাল ডিএসইর লেনদেনে বড় ধরনের উল্লম্ফন ঘটিয়েছে খুলনা পাওয়ার। যার কারণে দিন শেষে গতকাল ডিএসইর লেনদেন ছাড়িয়ে যায় ১ হাজার ৪৭৮ কোটি টাকা। অথচ মঙ্গলবারও ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৬ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল ব্লক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ারের ৮২৮ কোটি টাকার একটি লেনদেন হয়। কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোং তাদের হাতে থাকা ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ারের পুরোটাই ব্লক মার্কেটে বিক্রি করে দিয়েছে। প্রতিটি শেয়ারের দাম ৬৫ টাকা ধরে প্রায় ৮২৮ কোটি টাকায় সব শেয়ার কিনে নিয়েছে শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন নামের অপর একটি কোম্পানি।

তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে সাধারণত ব্লক মার্কেটকে বেছে নেওয়া হয়। যেখানে শেয়ারের ক্রেতা ও বিক্রেতা আগেই নির্ধারিত থাকে। নিজেদের মধ্যে দরদাম সব আগে থেকে ঠিকঠাক করে ব্রোকারেজ হাউসের মাধ্যমে শুধু শেয়ারগুলোর হাতবদল করা হয়। যাতে মূল বাজারে ওই কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের কোনো প্রভাব না পড়ে। আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে খুলনা পাওয়ারের লেনদেন বন্ধ থাকবে। তাই লেনদেন বন্ধের আগে গতকাল ব্লক মার্কেটে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের বিপুল শেয়ারের হাতবদলের ঘটনা ঘটে।

এদিকে আগে থেকে ব্লক মার্কেটের লেনদেনের বিষয়টি জানা না থাকায় গতকাল হঠাৎ করে ডিএসইতে লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকার ঘরে পৌঁছে যাওয়ায় অনেকে আশ্চর্য হয়েছেন। এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহলও তৈরি হয়। পরে খোঁজখবর নিয়ে এ লেনদেনের বিষয়টি জানতে পারেন বিনিয়োগকারীরা।

ব্লক মার্কেটে খুলনা পাওয়ারের ৮২৮ কোটি টাকার লেনদেন বাদ দিলে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫০ কোটি টাকায়। সেই বিবেচনায় গতকাল দিন শেষে বাজারের লেনদেন সাম্প্রতিক লেনদেনের কাছাকাছিই ছিল। শুধু ব্লক মার্কেটের একটি লেনদেনেই হঠাৎ করে বড় ধরনের উল্লম্ফন ঘটে লেনদেনে।

ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭০ পয়সা বা প্রায় পৌনে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সায়। শেয়ারের এ দাম বাড়ার কারণ খুঁজতে গিয়ে জানা গেল, ২৮ নভেম্বর পরিচালনা পর্ষদের সভা ডেকেছে কোম্পানিটি। এ সভা থেকে লভ্যাংশ ঘোষণার খবর আসতে পারে—এ আশায় অনেক বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

এদিকে ঢাকার বাজারে লেনদেনে বড় উল্লম্ফন হলেও প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে প্রায় ৬০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।