খুলনা প্রিন্টিং নিয়ে এনবিআরের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘অবশেষে খুলনা প্রিন্টিং বন্ধ’ শীর্ষক প্রতিবেদনের একাংশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ব্যাখ্যায় কোম্পানির দেওয়া বক্তব্যকে মিথ্যা বলে দাবি করা হয়েছে। এনবিআর জানিয়েছে, খুলনা প্রিন্টিং এক বড় ধরনের কর ফাঁকি দেওয়া একটি প্রতিষ্ঠান। কোম্পানিটির বিরুদ্ধে প্রায় ২৭২ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণ বেঞ্চের রায়েও প্রতিষ্ঠিত। আদালতের নির্দেশে ফাঁকি দেওয়া কর ও তার জন্য আরোপিত ১০০ কোটি টাকার জরিমানাসহ প্রায় ৩৭২ কোটি টাকা আদায়ে কোম্পানিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবে বন্ড লাইসেন্স বাতিল ও মালামাল জব্দ করা হয়। পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে একটি অভিযোগও বিচারাধীন রয়েছে।
এনবিআরও ব্যাখ্যায় আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব বোর্ড বড় ধরনের কর ফাঁকির যত ঘটনা উদ্ঘাটন করেছে, তার মধ্যে খুলনা প্রিন্টিংয়ের কর ফাঁকির ঘটনাটি অন্যতম।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটিতে যে বক্তব্য তুলে ধরা হয়েছিল, তা ছিল খুলনা প্রিন্টিং কর্তৃপক্ষের দেওয়া বক্তব্য। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির যে খবর প্রকাশ করা হয়, তাতেই উৎপাদন বন্ধের জন্য কোম্পানির পক্ষ থেকে এনবিআরের অসহযোগিতাকে দায়ী করা হয়েছিল।