খুলনা প্রিন্টিংয়ের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেরে (কেপিপিএল) প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণসহ পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার রুলসহ এই আদেশ দেন।
কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম স্থগিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কেপিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সোনালী ইনভেস্টমেন্টকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ১৮ মে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
কোম্পানিটির আইপিও নিয়ে ‘মিথ্যা তথ্যে ৪০ কোটি টাকা তোলার প্রস্তাব’ শীর্ষক একটি প্রতিবেদন গত ৩০ এপ্রিল প্রথম আলোেত প্রকাশিত হয়। তারই সূত্র ধরে ৪ মে ‘ব্যবস্থা নেয়নি বিএসইসি, কেপিপিএলের চাঁদা গ্রহণ শুরু আজ’ শীর্ষক আরেকটি প্রতিবেদন ছাপা হয়। ৪ মে প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে আইনজীবী রায়হানুল মোস্তফা রিটটি করেন।
গতকাল আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মো. জিয়াউর রহমান ও কাজী মো. আরিফুর রহমান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রুমি।
আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণসহ পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে কেপিপিএলের এমডিকে ৪ মে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তিনি জানান, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা
চিন্তা করে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে রিটটি করা হয়।
এদিকে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত রোববার থেকে কোম্পানিটির আইপিওর চাঁদা সংগ্রহ শুরু হয়। বাংলাদেশে বসবাসকারী আবেদনকারীদের জন্য আজ বৃহস্পতিবার এই চাঁদা গ্রহণ শেষ হওয়ার কথা ছিল। তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১৭ মে পর্যন্ত চাঁদা গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এই পরিস্থিতিতে আদালত গতকাল কোম্পানিটির চাঁদা সংগ্রহসহ পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ আরোপ করেন।
গত ৪ মার্চ বিএসইসি কোম্পানিটির আইপিও আবেদনের অনুমোদন দেয়। আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে চার কোটি শেয়ার বিক্রির অনুমোদন পায়।