খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বা কেপিপিএলের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ফলে কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রমে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা৷
গত ৩০ এপ্রিল প্রথম আলোতে কোম্পানিটির আইপিও নিয়ে ‘মিথ্যা তথ্যে ৪০ কোটি টাকা তোলার প্রস্তাব’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। তারই সূত্র ধরে ৪ মে ‘ব্যবস্থা নেয়নি বিএসইসি, কেপিপিএলের চাঁদা গ্রহণ শুরু আজ’ শীর্ষক আরেকটি ফলোআপ প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
রুলে কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম স্থগিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অর্থসচিব, বিএসইসি চেয়ারম্যান, কেপিপিএলের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ইনভেস্টমেন্টকে রুলের জবাব দিতে বলা হয়।
আইনজীবী সূত্র জানায়, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোনালী ইনভেস্টমেন্ট গতকাল আবেদন করে। শুনানি নিয়ে আদালত স্থগিতাদেশ দেন। আদালতে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, কে এম হাফিজুল আলম।
পরে হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, কেপিপিএলের আইপিও সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছিল। হাইকোর্টের আদেশের ফলে তা স্থগিত হয়ে যায়। এ কারণে সোনালী ইনভেস্টমেন্ট আবেদনটি করে। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণসহ পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত বাধা নেই।