খুলনা মেট্রোপলিটন চেম্বার গঠনের লক্ষ্যে উদ্যোক্তাদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনকল্পে গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তাবিত খুলনা মেট্রোপলিটন চেম্বারের আহ্বায়ক খুলনা কেডিএ নিউমার্কেট মালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিজানুর রহমান, আফজাল হোসেন, কাজী এনায়েত হোসেন, শফিকুল ইসলাম, আফতাব জমাদ্দার, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান বিশ্বাস ও মোল্লা মুজিবুর রহমান প্রমুখ। এ ছাড়া এতে নগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, খুলনায় ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসারে এ ধরনের একটি সংগঠন গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে, যেটির মাধ্যমে খুলনার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।বক্তারা আরও বলেন, খুলনা চেম্বার বর্তমানে একটি ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়েছে এবং এখানকার মানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাঁদের হীন স্বার্থে এই চেম্বারকে ব্যবহার করছেন। সে জন্য প্রস্তাবিত খুলনা মেট্রোপলিটন চেম্বার যেন প্রকৃত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সংগঠনে পরিণত হয়।খুলনা মেট্রোপলিটন চেম্বার গঠনের উদ্যোক্তারা স্থানীয় ব্যবসায়ীদের সব ধরনের চাহিদা পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তাঁরা বলেন, মংলা বন্দরকে আরও গতিশীল করতে, এই অঞ্চলে ইপিজেড গড়ে তুলতে এবং সাধারণ মানুষের অব্যাহত চাহিদা মেটাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।