খুলনা-যশোর অঞ্চলে পাটকল-শ্রমিকদের বকেয়া পরিশোধ
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের শ্রমিকদের মজুরি কমিশনের বকেয়া পাওনা পরিশোধ করা হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ শেষ হয়েছে গতকাল শনিবার। এর আগে গত বছরের ২৪ অক্টোবর দেওয়া হয় প্রথম কিস্তির টাকা। জানা গেছে, বাংলাদেশ পাটকল সংস্থার (বিজিএমসি) অধীন সাতটি পাটকলের স্থায়ী ও অস্থায়ী ৪০ হাজার শ্রমিককে দুই কিস্তিতে প্রায় ৫২ কোটি ৩৯ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্রিসেন্ট জুট মিল ১৫ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার টাকা, প্লাটিনাম জুট মিল ১৩ কোটি ৮১ লাখ ৬৮ হাজার টাকা, স্টার জুট মিল প্রায় ৯ কোটি টাকা, জেজেআই জুট মিল পাঁচ কোটি ৬৩ লাখ টাকা, কার্পেটিং মিল এক কোটি ৯৩ লাখ টাকা, ইস্টার্ন জুট মিল তিন কোটি ১৫ লাখ টাকা ও আলীম জুট মিল তিন কোটি ১৭ লাখ টাকা দিয়েছে। এ ব্যাপারে ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প কর্মকর্তা মো. আবুল হোসাইন অবশ্য বলেন, সরকারের নির্দেশ ও বিজেএমসির চেয়ারম্যানের প্রচেষ্টার ফলে শ্রমিকদের মজুরি দেওয়া সম্ভব হয়েছে। এর জন্য শ্রমিকেরা দীর্ঘদিন প্রত্যাশায় ছিলেন। শ্রমিকদের আন্দোলনের ফলে ২০০৯ সালের জুলাই মাস থেকে শ্রমিকদের মজুরি কমিশন দেওয়ার ঘোষণা আসে এবং এর মাস তিনেকের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়।