খুলনা শিপইয়ার্ড ঘুরে দাঁড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরের ব্যবধানে একটি রুগ্ণ শিল্প থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দেশের অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড।লোকসানের কারণে এক সময় যে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া সম্ভব হতো না, সেই প্রতিষ্ঠান এখন ক্রমাগতভাবে লাভের মুখ দেখছে।১৯৯৯ সালের ৩ অক্টোবর নৌবাহিনীর কাছে হস্তান্তরের পর থেকে প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং একটি লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে একে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর রিয়াজ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শফিউল আযম ও ক্যাপ্টেন মনিরুল ইসলাম।ব্রিফিংয়ে রিয়াজ উদ্দিন বলেন, এ প্রতিষ্ঠান শুরু থেকেই বাণিজ্যিক জাহাজ তৈরি করে আসছে। এই প্রথম প্রতিষ্ঠানটি যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে। বর্তমানে পাঁচটি যুদ্ধজাহাজ (পেট্রোল ক্রাফট) নির্মাণ শুরু হয়েছে। গত ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের উদ্বোধন করেন।যুদ্ধজাহাজগুলো নির্মাণ করতে ৩০০ কোটি টাকা ব্যয় হবে এবং আগামী ৪২ মাসের মধ্যে সব কটি জাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।বর্তমানে এ প্রতিষ্ঠানে সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যাঁরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। প্রতি মাসে তাঁদের বেতন-ভাতা বাবদ ৪০ লাখ টাকা পরিশোধ করা হচ্ছে।ব্রিফিংয়ে আরও জানানো হয়, নৌবাহিনীর কাছে হস্তান্তরের পর থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ৭৫টি নতুন জলযান নির্মাণ করেছে এবং ৩২১টি জাহাজ মেরামত করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ১১৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। শুধু চলতি অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা লাভ করেছে।অন্যদিকে আয়কর ও মূসক বাবদ সরকারকে ২৪ কোটি টাকা দিয়েছে খুলনা শিপইয়ার্ড। বিদ্যুৎ, টেলিফোন, ভূমি ও পৌরকর বাবদ ছয় কোটি টাকা পরিশোধ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, খুলনা শিপইয়ার্ডের কাজের মান ভালো হওয়ার কারণে সর্বনিম্ন দরদাতা না হলেও অনেক প্রতিষ্ঠান শিপইয়ার্ডকে কাজ দিতে আগ্রহী হয়।উল্লেখ্য, জার্মানির একটি সংস্থার সহায়তায় ১৯৫৭ সালে খুলনার রূপসা নদীর পশ্চিম তীরে শিপইয়ার্ড স্থাপিত হয়।