খুলনার পাটজাত পণ্য নতুন পাঁচটি দেশে রপ্তানি হবে
খুলনাঞ্চলের পাটকলগুলোর রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হয়েছে। এসব পাটকল থেকে নতুন পাঁচটি দেশ পাট ও পাটজাত পণ্য কেনার আগ্রহ দেখিয়েছে। দেশগুলো হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিরিয়া ও স্লোভাকিয়া।এর ফলে এই অঞ্চলের পাটকলগুলো থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিকারক দেশের সংখ্যা ২০টি থেকে বেড়ে ২৫টিতে উন্নীত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।পাটকলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনাঞ্চল থেকে ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিল, জিবুতি, নেপাল, ভুটান, রাশিয়া, আইভরি কোস্ট, কিউবা, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তিউনিসিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিসর, ইরান, ইরাক ও লিবিয়ায় পাট রপ্তানি হচ্ছে।ক্রিসেন্ট জুট মিলের সহকারী বিপণন ব্যবস্থাপক কে এম শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ইতিমধ্যে মিয়ানমারের পাট খাতের একটি সমিতি তাঁদের কাছ থেকে বস্তা নেওয়ার ব্যাপারে খুব আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া পাটকল পরিদর্শন করে গেছেন স্লোভাকিয়ার ক্রেতারা।একই পাটকলের সিবিএর সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, ‘নতুন নতুন দেশে আমাদের পাটের বাজার তৈরি হচ্ছে, এতে খুব ভালো লাগছে। এতে মিলগুলো আরও লাভবান হবে। সঙ্গে সঙ্গে অনেক লোকেরও কাজের সংস্থান হবে।’