খুলনার পিপলস জুট মিল শিগগির চালু হচ্ছে
খুলনার পিপলস জুট মিল পুনরায় চালু করা হচ্ছে। সরকারিভাবে দিন-তারিখ ঠিক করা হলে প্রধানমন্ত্রী শিগগিরই এই কারখানাটির উৎপাদন-কার্যক্রম উদ্বোধন করবেন।পাট মন্ত্রণালয় ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) একটি প্রতিনিধিদলের সদস্যরা খুলনা শহরের খালিশপুর শিল্পাঞ্চলের দুটি বন্ধ পাটকল যথাক্রমে পিপলস ও দৌলতপুর জুট মিল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানান। পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোবারক হোসেন, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ইলিয়াস লস্কর, বিজেএমসির সচিব আবদুল মজিদ, পরিচালক তরিকুল ইসলাম, অর্থ ও হিসাব নিয়ন্ত্রক আলতাফ হোসেন এবং বিজেএমসির খুলনা আঞ্চলিক অফিসের লিয়াজোঁ কর্মকর্তা রফিকুল ইসলাম গত রোববার সকালে ও বিকেলে দুই দফায় পিপলস জুট মিল পরিদর্শন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন পিপলস জুট মিলের প্রকল্প প্রধান মো. ইমদাদুল হক, ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মজিবুর রহমান, প্লাটিনামের প্রকল্প প্রধান জসিমউদ্দিন, দৌলতপুর জুট মিলের প্রকল্প প্রধান মো. মনোয়ার হোসেন এবং স্টার জুট মিলের প্রকল্প প্রধান জাহাঙ্গীর হোসেন।এ প্রসঙ্গে মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, পিপলস জুট মিলে এখন নতুন উদ্যোমে পরীক্ষামূলকভাবে উৎপাদন-কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী শিগগিরই মিলটির বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোবারক হোসেন বলেন, সরকারের কাছে চাওয়া ১৭৬ কোটি টাকা এখনো পাওয়া যায়নি। আপাতত বিজেএমসির নিজস্ব অর্থায়নে বন্ধ হওয়া পিপলস জুট মিল এবং কওমি জুট মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে চাহিদামাফিক অর্থ পাওয়া গেলে দৌলতপুরসহ দেশের সব বন্ধ পাটকল চালু করা হবে। তিনি জানান, ইতিমধ্যে মন্ত্রিসভা দেশের বন্ধ পাঁচটি পাটকল চালুর সিদ্ধান্ত নিয়েছে।একই দিন সকালে প্রতিনিধিদলটি বন্ধ করা দৌলতপুর জুট মিল পরিদর্শন করে। এ সময় কারখানাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ জুলাই থেকে প্রায় ১৪৪ কোটি টাকার দেনা নিয়ে বন্ধ হয়ে যায় পিপলস জুট মিলটি। তবে এক বছরের মাথায় ২০০৮ সালের ১৫ জুলাই থেকে মিলটি ব্যক্তিমালিকানায় চালু করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেষ পর্যন্ত লোকসানের অজুহাত তুলে গত বছর জুলাই মাসে ১৮ কোটি টাকা লোকসান দিয়ে মিলটি আবার বন্ধ করে দেয় কাজী ফার্ম নামের নতুন মালিক। পরবর্তী সময়ে কাজী ফার্ম থেকে মিলটিকে আবার বিজেএমসির আওতায় নেওয়া হয়। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়।এ ছাড়া ২০০২ সালের ৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ করা হয় খালিশপুরের দৌলতপুর জুট মিল। প্রায় আট বছর ধরে এ মিলটি বন্ধ থাকায় এর অনেক যন্ত্রপাতিই ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলে এর কর্মকর্তা ও শ্রমিকেরা জানান।