খুলনার বাজেটে বাড়েনি করের খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো খাতে কর আরোপ না করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের আকার ৪২২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার, যা অনেকটাই অনুদান নির্ভর।

আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির মেয়র মনিরুজ্জামান এই বাজেট ঘোষণা করেন।

গত অর্থবছরের প্রস্তাবিত ৪৮৫ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার বাজেটের মাত্র ৫৬ দশমিক ৫৩ শতাংশ অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন মেয়র মনিরুজ্জামান। তিনি এবার দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করলেন। এবারের বাজেটকে বাস্তবভিত্তিক ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য ও নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে। এই বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ এবং অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নসহ সামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং রেল ক্রসিংয়ে পদচারী সেতু (ফুট ওভারব্রিজ) নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রস্তাবিত এ বাজেটে আয়ের খাত হিসেবে রাজস্ব তহবিল থেকে ১২৭ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকা, উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদান ৭৫ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা ও বিশেষ প্রকল্পে সরকারি অনুদান হিসেবে ২১৯ কোটি ৩৫ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্য নির্ভর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯৫ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

কেসিসির নিজস্ব তহবিল থেকে শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন, সংস্কৃতিসহ বিভিন্ন উন্নয়ন খাতে মোট ৪৯ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।