খুলনার ব্যবসায়ীরা বলেছেন দ্রব্যমূল্য সহনীয় রাখবেন
আসন্ন রমজান মাসে সর্বনিম্ন মুনাফায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আশ্বাস দিয়েছেন খুলনার ব্যবসায়ীরা। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় তাঁরা এই আশ্বাস দেন। রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, সহসভাপতি সাইফুল ইসলাম ও মো. ওমর ফারুক, পরিচালক আবুল বাসার পাটওয়ারী, সদস্য কাজী মাসুদুল ইসলাম, এস এম ওবায়দুল্লাহ, মো. হাফিজুল ইসলাম, মো. তোফাজ্জেল হোসেন, মো. মোস্তফা জেসান, এস এম খালিদ হোসেন, মো. আমিনুল ইসলাম, খান সাইফুল ইসলাম, দীপক কুমার দাস উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় আমদানিকারক সমিতির সভাপতি মো. হামিদ সরদার ও যুগ্ম সম্পাদক মো. আলমগীর, কাঁচা-পাকা আড়তদার সমিতির সভাপতি বাসু পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবদুল রবসহ ভোজ্যতেল মালিক সমিতি, লবণ মিল মালিক সমিতি, রাইস মিল মালিক সমিতি, পোলট্রি মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ক্রেতা-বিক্রেতাদের বেচাকেনার সুবিধার্থে গত বছরের মতো এবারও প্রত্যেক বাজারে স্বেচ্ছাসেবক রাখতে হবে।