আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেছে খুলনা অঞ্চল থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি।জানা গেছে, কয়েক দিন ধরে খুলনার হিমায়িত চিংড়ি রপ্তানির কারখানাগুলো থেকে মৎস্য বিভাগ মাছের কোনো লট গ্রহণ না করায় প্রায় অর্ধশত কোটি টাকার রপ্তানিযোগ্য চিংড়ি এখন পড়ে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরামর্শ অনুযায়ী উৎপাদিত চিংড়ির ট্রেসিবিলিটি (অনুসরণযোগ্য) নিশ্চিত না হওয়ায় মৎস্য বিভাগ মাছ গ্রহণে আপত্তি জানিয়েছে।তবে রপ্তানিকারকেরা অভিযোগ করে বলেন, ইইউর পরামর্শকে অজুহাত হিসেবে দেখিয়ে আমলারা আর্থিক সুবিধা আদায়ের জন্য তাঁদের হয়রানি করছেন। মৎস্য বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার ব্যক্তিস্বার্থের কারণে এই শিল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।ব্যবসায়ীরা প্রথম আলোকে জানান, রপ্তানিযোগ্য চিংড়িতে জীবাণু পাওয়া গেলে সেটি কোন কোন হাত বদল হয়ে কোম্পানি পর্যন্ত এসেছে, তা ট্রেসিবিলিটির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। উৎপাদিত স্থানের সন্ধান নেওয়ার এই নিয়ম দীর্ঘদিনের। কিন্তু সম্প্রতি ইইউর প্রতিনিধিদলের খুলনা ত্যাগের পরপরই মৎস্য বিভাগের পক্ষ থেকে ওই নিয়মের আওতায় রপ্তানিযোগ্য মাছের লট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।ব্যবসায়ীরা বলেন, চিংড়ির ট্রেসিবিলিটি নিশ্চিত করা কোম্পানিগুলোর একার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে সরকারের সুষ্ঠু নীতিমালা থাকা উচিত। ভারত, থাইল্যান্ড ও চীনসহ চিংড়ি রপ্তানিকারক দেশগুলোতে সরকারের সহায়তায় শতভাগ ট্রেসিবিলিটি নিশ্চিত করা হয়। কিন্তু খুলনায় এই নিয়মের বেড়াজালে আটকিয়ে পরিকল্পিতভাবে মাছ রপ্তানি ব্যাহত করা হচ্ছে।রপ্তানিকারকেরা বলেন, মৎস্য অধিদপ্তরই ঘের ও ডিপোগুলোর লাইসেন্স দেয়। তা সত্ত্বেও তাদের মান নিয়ন্ত্রণের দায়ভার মাছ কোম্পানিগুলোকে বহন করতে হয়। হিমায়িত কারখানাগুলো থেকে চিংড়ি প্রক্রিয়ার পর রপ্তানির জন্য মৎস্য বিভাগের শরণাপন্ন হলেই বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। এসব নিয়ে ৩ এপ্রিল বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মৎস্য বিভাগের কর্মকর্তাদের তুমুল বাগবিতণ্ডা হয়েছে বলে জানা গেছে।যোগাযোগ করা হলে খুলনা মৎস্য বিভাগের উপপরিচালক (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) নিত্যানন্দ দাস প্রথম আলোকে জানান, ইইউর প্রতিনিধিদলের পরামর্শ অনুযায়ী ট্রেসিবিলিটি নিশ্চিত করতে এই নিয়ম চালু করা হয়েছে। রপ্তানিকারকেরা সঠিক তথ্য দিচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা না হলে যেকোনো সময় চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।সরকারি কর্মকর্তাদের আর্থিক সু্বিধা গ্রহণের বিষয়টি অস্বীকার করে নিত্যানন্দ দাস বলেন, ‘এ ধরনের অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’