খুলনায় খুচরা বাজারে গিয়েই সবজির দাম দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পাইকারি বাজার থেকে এক হাত বদল হয়ে খুচরা বাজারে যেতেই সবজির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। নগরের বিভিন্ন খুচরা বাজার ও পাইকারি বাজারের সবজির দামের পার্থক্য এখন ১০ থেকে ৪০ টাকা। বাজারভেদে দামের ভিন্নতা তো রয়েছেই, এমনকি একই বাজারে একই পণ্যের ইচ্ছেমতো দামও হাঁকছেন খুচরা ব্যবসায়ীরা।

নগরের গল্লামারী কাঁচাবাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার, নিউমার্কেট কাঁচাবাজার ও শেখপাড়া কাঁচাবাজার ঘুরে গতকাল মঙ্গলবার এ চিত্র পাওয়া গেছে। এই চারটি বাজারের সঙ্গে সোনাডাঙ্গা কেসিসি পাইকারি বাজারের তুলনা করে দেখা যায়, খুচরা বাজারে পণ্যের দাম দ্বিগুণ বা তারও বেশি।

পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেগুন, ঝিঙে, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, বরবটি ইত্যাদি সবজির দাম কেজিতে ১০ থেকে ২৫ টাকা বেশি নেওয়া হচ্ছে; যা এসব সবজির পাইকারি মূল্যের প্রায় দ্বিগুণ। গতকাল মঙ্গলবার নগরের সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল-সংলগ্ন কেসিসি কাঁচামাল বাজারে প্রতি কেজি গোল বেগুন ২২-২৬, লম্বা বেগুন ২৬-৩০, পটোল ১৪-১৬, ঝিঙে ১৪-১৬, করলা ২০-২৫, কাঁকরোল ৪০, বরবটি ১২-১৪, ঢ্যাঁড়স ৮-১০, শসা ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে। নিউমার্কেট কাঁচাবাজারে বেগুন ৪০-৪২ টাকা, ঢ্যাঁড়স ২০, পটোল ২০, ঝিঙে ৩০-৩২, বরবটি ৪০, করলা ৪০, চিচিঙ্গা ৩০, শসা ২৫ দরে বিক্রি করতে দেখা যায়।

শেখপাড়া কাঁচাবাজারে বেশির ভাগ পণ্যের দাম নিউমার্কেট বাজারের চেয়ে কেজিতে ২-৫ টাকা কম। তবে বেগুন, কাঁচা মরিচ, শসা ও টমেটোর দাম নিউমার্কেট বাজারের মতোই। শেখপাড়া বাজারে পুঁইশাক ১৬-২০ টাকা, লাউশাক ৩০, লালশাক ৩০ ও ডাঁটাশাক ২০ টাকা কেজি বিক্রি হয়েছে। গল্লামারী কাঁচাবাজারে দাম নিউমার্কেটের মতোই। তবে এই বাজারে টমেটো ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে দেখা যায়, সেখানে পণ্যের দাম নিউমার্কেট বাজারের মতোই চড়া, কিছু পণ্যের দাম আরও বেশি।

নিউমার্কেট বাজারে ক্রেতা জলিল হাওলাদার বলেন, বিভিন্ন সবজির এখন ভরা মৌসুম। সে তুলনায় বাজারে সবজির দাম বেশি, তার ওপর একেক দোকানে একেক দাম রাখা হচ্ছে।

দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার কারণ সম্পর্কে নিউমার্কেটের দোকান মালিক আবদুল কাদের বলেন, ‘তালিকা দোকানে আছে। তবে তা ঝোলানো হয় না। যখন জানতে পারি তদারকিতে কেউ আসছেন, তখন মূল্যতালিকা ঝুলিয়ে দিই।’

জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম তরফদার বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকির জন্য পাঁচটি টিম করা হয়েছে। শতভাগ দোকানে মূল্যতালিকা প্রদর্শনের চেষ্টা চালাচ্ছি। আর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় চলছে। আমরা তাঁদের বলছি কেনা দামের চেয়ে বিক্রিমূল্য যেন কোনোমতেই সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি না হয়।’

কেসিসির বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা প্রথম আলোকে বলেন, ‘খুলনা সিটি করপোরেশন থেকে দুটি টিম বাজার তদারক করছে। আমরা চেষ্টা করছি বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে। কোনো বিক্রেতা যাতে লাগামহীন লাভ না করতে পারে, সে চেষ্টা চলছে। মাসজুড়ে আমরা তদারকি অব্যাহত রাখব।’