খুলনায় দুই বছরে ৮৭টি শিল্পপ্রতিষ্ঠানে ৫০০ কোটি টাকা বিনিয়োগ
খুলনা অঞ্চলে দীর্ঘদিনের স্থবিরতা কেটে অবশেষে বিনিয়োগে গতি ফিরে এসেছে। বদৌলতে গত দুই বছরে এই অঞ্চলে বিভিন্ন ধরনের ৮৭টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এসব শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।উদ্যোক্তা ও অর্থনীতিবিদেরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রমিক ও কাঁচামালের সহজলভ্যতা এবং অনুকূল পরিবেশ সৃষ্টির ফলে খুলনা অঞ্চলে নতুন বিনিয়োগ আসছে। তাঁরা বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহসহ মংলা বন্দরের আধুনিকায়ন, বিমানবন্দর নির্মাণ ও বিদ্যুৎ-সংকটের সমাধান করা হলে দেশের এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যানে জানা যায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ২০১০ সালে রেকর্ডসংখ্যক ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে টেক্সটাইল উইভিং, জুট টোয়াইন, জুট বেইলিং, প্লাস্টিক প্রোডাক্ট, হোসিয়ারি (গেঞ্জি-সামগ্রী), আসবাবপত্র, চিংড়ি হ্যাচারি, অটোমেটিক রাইস মিল, পেইন্ট অ্যান্ড বার্নিশ, পোলট্রি ফিড ও মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা। এসব শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ হয়েছে প্রায় ২৭০ কোটি টাকা। এর আগের বছর ২০০৯ সালে গড়ে ওঠা ৪২টি শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় ২৩০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৪০ কোটি টাকার মতো।খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান ও সহযোগী অধ্যাপক মেহেদি হাসান মো. হেফজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগ বৃদ্ধির অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি। খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এখনো জুট টোয়াইন বা কাঁচা পাটকেন্দ্রিক। পাটপণ্যে মূল্য সংযোজন সম্ভব হলে এই খাতে আরও উন্নতি করার সুযোগ রয়েছে।’ হিমায়িত খাদ্য রপ্তানিকারক আবদুল জব্বার মোল্লা বলেন, ‘সরকার পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় এবং পাইপলাইনে গ্যাস আসবে—এমন সম্ভাবনা বিবেচনা করে খুলনাঞ্চলে বিনিয়োগের বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। সে অনুযায়ী দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়ী-শিল্পপতিরা ইতিমধ্যে পদ্মা সেতুর এপার থেকেই ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা পর্যন্ত জমি কিনতে শুরু করেছেন।সূত্র অনুযায়ী, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় গড়ে ওঠা ১১২টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি নানা প্রতিকূলতায় বন্ধ হয়ে যায়। তবে আশার কথা হলো, ২০১০ সালে গড়ে ওঠা ৪৫টি শিল্পপ্রতিষ্ঠানের কোনোটাই এখনো বন্ধ হয়নি। বিনিয়োগ বোর্ডের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নূরুল হুদা প্রথম আলোকে বলেন, বর্তমানে এই অঞ্চলে বিনিয়োগ পরিস্থিতি ভালো।খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক প্রথম আলোকে বলেন, পদ্মার ওপরে মাওয়া সেতু নির্মাণ ও মংলা বন্দর আধুনিকায়ন করা হলে দেশ-বিদেশের অধিকসংখ্যক বিনিয়োগকারীকে আকৃষ্ট করা সম্ভব হবে।